প্রকল্পের সংখ্যা বেড়েছে, কমছে এডিপির আকার
চলতি অর্থবছরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরাদ্দহীন নতুন ৪৬টি প্রকল্প পাস করা হয়েছে। চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এই প্রকল্পগুলোতে কোনো টাকা বরাদ্দ ছিল না। বরাদ্দ না থাকা সত্ত্বেও এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। কিন্তু প্রকল্প অনুমোদন দিয়ে বিপাকে পড়ে গেছে পরিকল্পনা কমিশন। এসব প্রকল্পের ১২টিতে এখনো কোনো টাকা বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। বরাদ্দ না থাকায় এসব প্রকল্পে দরপত্র আহ্বান করা যাচ্ছে না।
বরাদ্দ দেওয়া যাচ্ছে না—এমন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নীলফামারী-জলঢাকা সড়ক উন্নয়ন, রুমা-বগা লেক-কেওকারাডাং সড়ক নির্মাণ, সিলেট-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন, ময়মনসিংহ ও নেত্রকোনার সীমান্ত সড়ক নির্মাণ।
এ বছর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪৬টি প্রকল্পই চলতি এডিপিতে ঢুকে পড়েছে। এভাবে বরাদ্দ না দিয়ে কিংবা নামমাত্র বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদনের পুরোনো অভ্যাস থেকে বের হতে পারছে না পরিকল্পনা কমিশন।
চলতি অর্থবছরে অনুষ্ঠিত ২৫টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৪৬টি নতুন প্রকল্প পাস হয়েছে। এই প্রকল্পগুলোতে এখন নামমাত্র বরাদ্দ দিয়ে জিইয়ে রাখতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক পরিচালক ও সাবেক সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের সদস্য জায়েদ বখত বলেন, এডিপিতে ঢুকে পড়া নতুন প্রকল্পগুলোর বেশির ভাগই রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়। তাই পরিকল্পনামন্ত্রীকেও এই প্রকল্প প্রস্তাবগুলো মেনে নিতে হয়, আর নামমাত্র বরাদ্দ দেন। এতে সময়মতো প্রকল্প শেষ হয় না, তিন-চার গুণ সময় লাগে।
এদিকে প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় প্রতিবারের মতো এবার এডিপির আকার ছোট করা হচ্ছে। এবার পরিকল্পনা কমিশনের তদারকিকে থাকা ৯৭ হাজার কোটি টাকার মূল এডিপি কমিয়ে ৮৮ হাজার কোটি টাকা করা হচ্ছে। মূল এডিপি কমছে ৯ হাজার কোটি টাকা। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় ১ হাজার ১০২ কোটি টাকা কমিয়ে ২ হাজার ৯৮৪ কোটি ৬ লাখ টাকা করা হচ্ছে।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদনের জন্য উঠবে। সব মিলিয়ে (মূল এডিপি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয়সহ) ৯০ হাজার ৮৯৪ কোটি ৬৮ লাখ টাকার সংশোধিত এডিপির প্রস্তাব করবে পরিকল্পনা কমিশন। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাড়তি বরাদ্দ দাবি করলে প্রধানমন্ত্রী নিজে এই সংশোধিত এডিপির আকার কিছুটা বাড়িয়ে দিতে পারেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, নতুন ২৪৬টি প্রকল্পসহ সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৫টি। এ ছাড়া আরও ৭৪৬টি বরাদ্দহীন ও অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে সংশোধিত এডিপিতে। একদিকে প্রকল্প সংখ্যা বেড়েছে, অন্যদিকে এডিপির আকার কমেছে। অর্থাৎ আগের চেয়ে কম টাকায় বেশি প্রকল্পে বরাদ্দ দিতে হবে। চলতি অর্থবছরে ৩২৪টি প্রকল্প শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সংশোধিত এডিপিতে তা কমিয়ে এই সংখ্যা ২৭৭ করা হয়েছে।
এ সম্পর্কে জায়েদ বখতের মত হলো, এটি উন্নয়ন পরিকল্পনার শৃঙ্খলা নষ্ট করছে। তাই রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের পরিবর্তে বাস্তবায়ন শেষ পর্যায়ে থাকা প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে এডিপিতে প্রকল্পজট কমানোর সুপারিশ করেন তিনি।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, মূল এডিপিতে স্থানীয় উৎস থেকে সাড়ে ৬২ হাজার কোটি বরাদ্দ ছিল। সংশোধিত এডিপিতে তা কমিয়ে ৫৮ হাজার ৮৪০ কোটি টাকা করা হয়েছে। স্থানীয় উৎসের অর্থ কমেছে ৩ হাজার ৬৬০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা কমেছে ৫ হাজার ৩৪০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ থাকছে ২৯ হাজার ১৬০ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগ) শামসুল আলম প্রথম আলোকে বলেন, সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আবার প্রকল্প বাস্তবায়নে দক্ষতার অভাবও রয়েছে। তাই বাস্তবায়ন করা সম্ভব হবে—এমন আকারই রাখা হয়েছে সংশোধিত এডিপিতে।