প্রকাশিত সংবাদ নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যাখ্যা
প্রথম আলোয় গত ৩০ মে প্রকাশিত ‘খেলাপি আব্দুল কাদের, হাজত খাটলেন আরেক কাদের’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব একটি ব্যাখ্যা দিয়েছেন।
এতে বলা হয়েছে, প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের পত্রকে ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করার কথা বলা হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের পত্রটি পাওয়ার সঙ্গে সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটির আইনি প্রক্রিয়া থেকে আব্দুল কাদেরকে অব্যাহতি দিতে ব্যাংক উদ্যোগ নেয়। প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হয় যখন বিষয়টি সমাধান প্রক্রিয়ার শেষ পর্যায়ে ছিল। তখন প্রতিবেদনটির প্রেক্ষাপট প্রাসঙ্গিক ছিল না।
ব্র্যাক ব্যাংক কয়েক দফা আব্দুল কাদেরের সঙ্গে সরাসরি আলোচনা করে বিষয়টি নিয়ে ইতিমধ্যে সমঝোতায় পৌঁছেছে। আব্দুল কাদেরের পুরো আইনি খরচ ইতিমধ্যে দেওয়া হয়েছে। আব্দুল কাদেরের পক্ষে ব্র্যাক ব্যাংক তৃতীয় যুগ্ম মহানগর সেশন কোর্টে পিটিশন দায়ের করে। শুনানির পর আদালত মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়েছেন। আর আব্দুল কাদের ব্র্যাক ব্যাংকের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ প্রত্যাহারের চিঠি দিয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, ব্র্যাক ব্যাংক সব সময় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নত গ্রাহকসেবা ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সুনাম অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। মিডিয়ার যেকোনো তথ্য আমাদের ১৫ লাখ গ্রাহকের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি করতে পারে।
প্রতিবেদকের বক্তব্য: নামের কারণে নিরপরাধ একজন গ্রাহক হাজত খেটেছেন এ তথ্য বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে। ব্র্যাক ব্যাংকও তাদের বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর বিভিন্ন উদ্যোগ নেওয়ার তথ্য জানিয়েছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য ছিল না।