প্রকাশিত সংবাদ সম্পর্কে ব্র্যাক ব্যাংক ও বিকাশ লিমিটেডের ব্যাখ্যা
ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গ প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড বাংলাদেশ ব্যাংকের প্রণীত নিয়মনীতি ভঙ্গ করেছে বলে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় যেসব সংবাদ ছাপা হয়েছে, সে সম্পর্কে তারা যৌথভাবে একটি ব্যাখ্যা দিয়েছে। প্রকাশিত সংবাদগুলোকে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে বলা হয়, এগুলোতে প্রকৃত তথ্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা ব্র্যাক ব্যাংক ও বিকাশ লিমিটেডের গ্রাহক, পৃষ্ঠপোষক ও অংশীদারদের মনে অস্থিরতার সৃষ্টি করেছে।যৌথ ব্যাখ্যায় বলা হয়েছে, বিকাশ শুরু থেকেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেছে। আর সব বিকাশ মোবাইল অ্যাকাউন্টের বিপরীতে যে প্রাক্কলিত অর্থ জমা আছে, তা ব্র্যাক ব্যাংকেরই একটি অ্যাকাউন্টে গচ্ছিত আছে, যা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নজরদারির আওতাভুক্ত। এ ছাড়া ব্র্যাক ব্যাংক নিজস্ব সিস্টেমে সব ব্যক্তিগত বিকাশ মোবাইল অ্যাকাউন্ট বা হিসাবের তথ্য সংরক্ষণ করে, যা প্রতিদিন বিকাশের প্রাক্কলিত ব্যালেন্সের সঙ্গে সমন্বয় (রিকনসিলেশন) করা হয়। এতে আরও বলা হয়, সংবাদপত্রে প্রকাশিত ভ্রান্ত ধারণা দূর করতে ব্র্যাক ব্যাংককে ২ আগস্ট লেখা এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, বিকাশের যাবতীয় কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের জারি করা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ও যথাযথ অনুমোদনক্রমে পরিচালিত হচ্ছে।