প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ
প্রথম আলোর ১৫ পাতায় প্রকাশিত ‘ডিএসইর সভাপতিকে কারণ দর্শানোর নির্দেশ এসইসির’ শীর্ষক খবরের একাংশের প্রতিবাদ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসাইন স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, শেয়ারবাজারের একজন প্রভাবশালী বিনিয়োগকারীকে নিয়ে সংস্থাটির সভাপতি রকিবুর রহমানের ডিএসইর সার্ভিল্যান্স কক্ষে প্রবেশের বিষয়টি সত্য নয়। ডিএসই বলছে, সার্ভিল্যান্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ডিএসইর সিইও ও বাজার তদারকি বিভাগের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া আর কারও ওই কক্ষে প্রবেশের বিধান নেই। এ ছাড়া কক্ষটির নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হয়। এর ফলে যাঁরা ওই কক্ষে প্রবেশ করেন, তাঁদের ভিডিও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।প্রতিবাদপত্রে আরও বলা হয়, অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ ওই কক্ষে প্রবেশ করলে তা চিহ্নিত করার প্রযুক্তিগত সব ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সার্ভিল্যান্স কক্ষের সার্বক্ষণিক নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব সময় সচেষ্ট।