প্রকাশিত সংবাদের একাংশের ব্যাখ্যা দিল সুপার পেট্রোকেমিক্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ জুলাই প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘দেশের দুটি প্রতিষ্ঠানকে বিপিসির বিশেষ সুবিধা’ শীর্ষক সংবাদের কিছু অংশের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি। প্রতিষ্ঠানটির পক্ষে দেওয়া ব্যাখ্যায় বলা হয়, সরকারের কনডেনসেট নীতিমালা অনুযায়ী উৎপাদিত জ্বালানি তেল বিপিসিকে সরবরাহ করে আসছে তারা। সুপার পেট্রোকেমিক্যালসহ দুটি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে অকটেন উৎপাদন করে থাকে। ২০১৬ সালের মে মাসে সরকার অকটেনের পাশাপাশি ডিজেল, কেরোসিন, পেট্রলের সংগ্রহ মূল্য বা সরকার কী দামে কিনবে, সেই দাম পুনর্নির্ধারণ করে। সেই দামেই বিপিসিকে জ্বালানি তেল সরবরাহ করে আসছে সুপার পেট্রোকেমিক্যালসহ অন্যরা। পেট্রল, ডিজেল ও অকটেন তৈরির প্রধান কাঁচামাল কনডেনসেট দেশীয় গ্যাসফিল্ডগুলো থেকে সরকার–নির্ধারিত দামে সংগ্রহ করা হয়। সরকার ২০১৫ সালে কনডেনসেটের যে দাম বেঁধে দেয়, তা আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি। আন্তর্জাতিক দামের চেয়ে বেশি দামে কাঁচামাল সংগ্রহ করে আন্তর্জাতিক দামে অকটেন, পেট্রল, ডিজেল সরবরাহের বিষয়টি তাই যুক্তিসংগত নয়। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের কোম্পানিগুলোও সরকার–নির্ধারিত দামে জ্বালানি তেল সরবরাহ করে বিপিসিকে। তাই দুটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার তথ্যটি মোটেই সঠিক নয়।

প্রতিবেদকের বক্তব্য: সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গত ১৫ জুন সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে বেসরকারি ১৩ প্রতিষ্ঠানকে কনডেনসেট বরাদ্দের সিদ্ধান্ত হয়। সেখানে পেট্রোম্যাক্স রিফাইনারিকে ১ লাখ ২০ হাজার ও সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারিকে ১ লাখ ৮০ হাজার টন কনডেনসেট বরাদ্দের সিদ্ধান্ত হয়, যা মোট বরাদ্দের ৪৫ শতাংশ। বাকি ৫৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয় ১১টি প্রতিষ্ঠানকে। তাই প্রশ্ন উঠেছে, দুটি প্রতিষ্ঠান সরকারের বিশেষ সুবিধা পাচ্ছে।