প্রকাশিত সংবাদের প্রতিবাদ
অর্থ ও বাণিজ্য পাতায় গত বৃহস্পতিবার প্রকাশিত ‘চিংড়ির মান নিয়ন্ত্রণের নামে বিলম্বের অভিযোগ’ শীর্ষক সংবাদের আংশিক প্রতিবাদ করেছেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, খুলনার উপপরিচালক মো. আবদুর রাশেদ।আবদুর রাশেদ বলেন, ‘যেসব রপ্তানিকারক আগে ভিন্ন কায়দায় পরীক্ষা করিয়ে নিতেন, তাঁরা সেটা করতে পারছেন না’ এই উদ্ধৃতিটি সঠিক নয়। বক্তব্যটি হবে, ‘আগে পরীক্ষাগারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ছিল না। বর্তমানে পরীক্ষাগারে আধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ দেওয়ায় পরীক্ষার কাজ আগের মতো হয় না।’ তিনি বলেন, ‘আগে বড় বড় কোম্পানির লট বাতিল হতো না। কেন হতো না, তা আমি বলব না’ কথাটির স্থলে হবে ‘তা আমি বলতে পারব না।’এ ছাড়া চিংড়ির মান পরীক্ষার সনদ পেতে এক থেকে দুই মাস সময় লাগে—রপ্তানিকারকদের এই অভিযোগকে আবদুর রাশেদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, মান পরীক্ষার প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে সনদ দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রপ্তানিকারকেরা নিজেরাই তা নিতে দেরি করেন।