প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২০ সেপ্টেম্বর প্রথম আলোর অর্থ-বাণিজ্য পাতায় প্রকাশিত ‘শেয়ার কারসাজির অভিযোগে ব্যবস্থা নিতে যাচ্ছে এসইসি’ শীর্ষক খবরের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান বাদল ও তাঁর স্ত্রী সোমা আলম রহমান। প্রতিবাদপত্রে বলা হয়, প্রকাশিত প্রতিবেদন তাঁর (লুৎফর রহমান বাদল) ও তাঁর স্ত্রীকে নিয়ে যেসব বক্তব্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের প্রচলতি আইনকানুন মেনে তাঁরা শেয়ার ব্যবসা করছেন। কোনো ধরনের অনিয়ম বা বেআইনিভাবে ঋণসুবিধা গ্রহণের সঙ্গে তাঁরা যুক্ত নন। তা সত্ত্বেও তাঁদের ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ১৯ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত এবং অমনিবাস হিসাবের অনিয়মের বিষয়ে এসইসির অধিকতর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।