প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাশিয়ায় আলু রপ্তানিতে ধাক্কা’ শিরোনামে ১২ মে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে আলু রপ্তানিকারক প্রতিষ্ঠান এগ্রিকনসার্ন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শেখ আবদুল কাদের স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়েছে, প্রতিবেদনটি ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদে বলা হয়, রাশিয়ায় আলু রপ্তানির অগ্রগতিতে এগ্রিকনসার্নের অবদান পর্যালোচনা না করেই একপেশে খবরটি ছাপানো হয়েছে। বাস্তবে ২০১৪ সালে এগ্রিকনসার্নের পাঠানো ৬০৯টি কনটেইনারের মধ্যে মাত্র ছয়টি কনটেইনারের একটি চালানে রাশিয়ার ল্যাবরেটরির পরীক্ষায় ব্রাউন রট ব্যাকটেরিয়া শনাক্ত হয়। বাংলাদেশি আরও কয়েকটি প্রতিষ্ঠানের তখন এই ব্যাকটেরিয়া ধরা পড়ে।
প্রতিবাদে বলা হয়, বাংলাদেশ থেকে রাশিয়ায় যত আলু রপ্তানি করা হয়, তার ৬৮ শতাংশই এগ্রিকনসার্ন করে থাকে। এগ্রিকনসার্নের একক অবদানে রাশিয়ায় আলু রপ্তানি বেড়েছে। রাশিয়া এখন আলু আমদানির জন্য বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করছে।
প্রতিবেদকের বক্তব্য: আলু রপ্তানিতে রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপের অন্যতম প্রধান কারণ বাংলাদেশি আলুতে পাওয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া। এ প্রসঙ্গে অবধারিতভাবেই প্রতিবেদনে উঠে এসেছে এগ্রিকনসার্নের চালানে ব্যাকটেরিয়া পাওয়ার বিষয়টি। এগ্রিকনসার্নের স্বত্বাধিকারী সংবাদের প্রতিবাদ করলেও তাঁদের আলুতে ব্যাকটেরিয়া পাওয়ার বিষয়টিও কিন্তু স্বীকার করেছেন।