প্রকাশিত সংবাদের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনে (বাফা) প্রশাসক নিয়োগ বিষয়ে ৪ মার্চ প্রথম আলোর ১৫-এর পাতায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাফা। বাফার নির্বাহী সচিব এম এ সোবহান স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত সম্পর্কে বাফা অবহিত নয়, প্রকৃতপক্ষে নির্বাচন সম্পন্ন হওয়ার পর একটি মহল নির্বাচিত পরিষদকে কাজ করতে বাধা প্রদান করে মামলা দায়ের করেছে, যা এখন চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। এতে আরও বলা হয়েছে, মামলায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য সংগঠনের পরিচালকও পক্ষভুক্ত। তাই এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই বা ঘটেনি।প্রতিবেদকের বক্তব্য: বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাণিজ্য সংগঠনের পরিচালক মো. তাসকিন হক সিদ্দিকী বাফায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন। নির্দেশটি ২ মার্চ ২০১১ তারিখে জারি করা হয়েছে। এই আদেশে একই মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইদুর রহমান সেলিমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের এই আদেশের আলোকেই প্রতিবেদনটি করা হয়েছে। আদেশের অনুলিপি প্রথম আলোর কাছে সংরক্ষিত আছে। এছাড়া বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনও (এফবিসিসিআই) বাফায় প্রশাসক নিয়োগসংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশের বিষয়টি নিশ্চিত করেছে। এফবিসিসিআইয়ের আইন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন যে বাফায় প্রশাসক নিয়োগসংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশটি তারা পেয়েছেন।