‘আধা সরকারি কোম্পানির ৬০ কোটি টাকার বেশি নয়ছয়’
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোতে ১৭ ফেব্রুয়ারি ‘আধা সরকারি কোম্পানির ৬০ কোটি টাকার বেশি নয়ছয়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল)। ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ৫০ শতাংশ মালিকানাধীন আধা সরকারি এ প্রতিষ্ঠানের পক্ষে কোম্পানি রিটেইনার (আইন কর্মকর্তা) অমর কৃষ্ণ ভট্টাচার্য স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, প্রতিবেদনে উল্লেখিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। যে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতার উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ২০১৬-১৭ অর্থবছরের পর ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক হিসাব নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং যথাসময়ে এজিএম সম্পন্ন হবে। ২০১২-১৩ অর্থবছর থেকে ছয় বছরে বিপিসিকে পণ্যের মূল্য বাবদ ৩ হাজার ৩৮২ কোটি ৯৯ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
এসএওসিএলের ব্যাংক হিসাব থেকে নগদ অর্থ উত্তোলন করে গুডউইন পাওয়ার ও পিরামিড এক্সিম নামের দুটি কোম্পানির ব্যাংক হিসাবে রাখা হয়েছে। এর মধ্যে গুডউইন পাওয়ার লিমিটেড কোম্পানির একজন পরিচালক মোহাম্মদ শাহেদ ও পিরামিড এক্সিম কোম্পানির দুজন মালিক, যার একজন মঈন উদ্দিন আহমদ। শাহেদ এসএওসিএলের মহাব্যবস্থাপক আর মঈন উদ্দিন হলেন কোম্পানিটির বেসরকারি পরিচালক। তাঁদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে, যেখানে প্রতিবেদকের নিজের কোনো বক্তব্য নেই।
এ ছাড়া বিপিসির চেয়ারম্যান মো. সামছুর রহমান প্রথম আলোকে বলেছেন, কোম্পানিটিতে এজিএম ও বার্ষিক নিরীক্ষা বন্ধ রয়েছে। বিপিসির চেয়ারম্যানের সেই বক্তব্য প্রতিবেদনে রাখা হয়েছে। বার্ষিক হিসাবনিকাশ করার জন্য বিপিসি প্রথম আলোর প্রতিবেদন প্রকাশের আগেই ১১ ফেব্রুয়ারি একটি কমিটিও গঠন করেছে। ওই কমিটি ১৭ ফেব্রুয়ারি এসএওসিএলের চট্টগ্রামের প্রধান কার্যালয়ে গেলে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ কমিটিকে লিখিতভাবে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এর বাইরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসএওসিএলের ব্যাংক হিসাব থেকে মোহাম্মদ শাহেদ ও মঈন উদ্দিন আহমদের অর্থ সরিয়ে নেওয়ার ব্যাপারে ৬ ফেব্রুয়ারি দুই অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে। ১৭ ফেব্রুয়ারি দুদকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে এসএওসিএলের লোপাটকারী অর্থের মধ্যে মঈন উদ্দিন আহমেদের কোম্পানির পিরামিড এক্সিম লিমিটেডের বিভিন্ন ব্যাংক হিসাবে ৪৩ কোটি টাকার বেশি এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদের ব্যক্তিমালিকানাধীন গুডউইন কোম্পানির নামে গত তিন বছরে প্রায় ১৪ কোটি টাকা জমা এবং উত্তোলনের প্রাথমিক প্রমাণ পেয়েছে। এ বিষয়ে দুদক দ্রুতই আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে। এ সংবাদটি পরের দিন প্রথম আলো ছাড়াও দেশের প্রায় সব দৈনিকে প্রকাশিত হয়।