প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
১৭ ফেব্রুয়ারি প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় প্রকাশিত ‘গ্রাহকের বিমা দাবি পরিশোধে ফারইস্ট লাইফের গড়িমসি’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ করেছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক একরামুল আমিন।এতে বলা হয়, গ্রাহকের ডায়াবেটিস ছিল, যা কোম্পানির কাছে গোপন রাখা হয়েছে। গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে ডায়াবেটিস গাইড বই চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই মৃত্যুদাবিটি বাতিল করে কোম্পানির সিদ্ধান্ত তাঁকে জানিয়ে দেওয়া হয়। মৃত গ্রাহকের ছোট ভাইও কোম্পানিকে জানান যে তাঁর ভাইয়ের ডায়াবেটিস ছিল। ১৪ ফেব্রুয়ারি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুষ্ঠিত শুনানিতে এ তথ্য উপস্থাপন করা হয়েছে। সুতরাং, দুই বছর ধরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে ফারইস্ট লাইফ—এ বক্তব্য সঠিক নয়। প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আইডিআরএতে মৃত গ্রাহকের মনোনীত ব্যক্তির অভিযোগ এবং শুনানি শেষে কোম্পানির উদ্দেশে আইডিআরএ যে ব্যবস্থা নিয়েছে, তার ওপর ভিত্তি করে।