প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
প্রথম আলোর বাণিজ্য পাতায় গত সোমবার প্রকাশিত ‘রাজস্ব ফাঁকি ৪০ কোটি টাকা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ইসলাম ট্রেডার্স ও রিলায়েন্স ট্রেড ইন্টারন্যাশনাল।
প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী আমিরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, সরকার মনোনীত পিএসআই সংস্থার পর কাস্টমসও কাপড়ের মূল্য নির্ধারণ করে। তারপর রাজস্ব পরিশোধ করে পণ্য খালাস করা হয়। এ অবস্থায় মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকির অভিযোগ অবান্তর।
গত চার বছরে পর্যালোচনা কমিটি, কাস্টমস ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে বিভিন্ন মামলার রায়ের আলোকে ৩ ডলারের কম-বেশি মূল্যে আমাদের পণ্য শুল্কায়িত হয়েছে। পণ্য খালাসের পর নিরীক্ষা শেষে অভিযোগ উঠলে যথাযথ কর্তৃপক্ষ ও আদালতে শুনানি না হওয়া পর্যন্ত রাজস্ব ফাঁকি বলা যাবে না। প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন ও মানহানিকর।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি তৈরি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট কার্যালয়ের প্রতিবেদনের ওপর ভিত্তি করে। ওই প্রতিবেদনে কাপড় আমদানিতে কী কী পদ্ধতিতে এবং কত টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়, তার বিশদ বিবরণ রয়েছে।