প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
২১ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘আস্থাহীন শেয়ারবাজারে ছয় হাজার কোটি টাকার তহবিল!’ শীর্ষক প্রতিবেদনে বক্তব্যের একাংশ নিজের নয় দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান। এতে তিনি বলেন, ‘বাজারের চাহিদার তুলনায় ৯০০ কোটি টাকার তহবিল অপ্রতুল’—এ বক্তব্যটি তাঁর হলেও ‘পরিচালনা ও ব্যবস্থাপনাগত দক্ষতার অভাবে সরকারের ওই উদ্যোগ থেকে তেমন ফল আসেনি’ বক্তব্যটি তাঁর নয়। এ উদ্ধৃতির কারণে নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদকের বক্তব্য: অর্থমন্ত্রীর কাছে দেওয়া বিএমবিএর লিখিত প্রস্তাবের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০১০ সালের ধসের পর শেয়ারবাজারকে দেওয়া সরকারের প্রণোদনাগুলো কতটুকু কাজে দিয়েছে, প্রতিবেদনটি তৈরির আগে তা নিয়ে বিএমবিএর সভাপতির বক্তব্য নেওয়া হয়েছে।