প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
প্রথম আলোর বাণিজ্য পাতায় গতকাল সোমবার প্রকাশিত ‘১২০ কোটি টাকা ঋণ বিতরণ আটকে দিল কেন্দ্রীয় ব্যাংক’ সংবাদের প্রতিবাদ পাঠিয়েছে ন্যাশনাল ব্যাংক ও রোকেয়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। ঋণ প্রস্তাব বাতিল-সংক্রান্ত বিষয়ে ব্যাংক ও প্রতিষ্ঠানটি দুই ধরনের তথ্য পাঠিয়েছে। প্রতিবাদপত্রে ব্যাংকটি বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পাওয়ার পূর্বেই ২৯ সেপ্টেম্বর রোকেয়া ফুডের ঋণ মঞ্জুরি বাতিল করা হয়। এ ছাড়া ঋণ প্রস্তাবটি যাচাই-বাছাই করা হয়নি বলে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা-ও সত্য নয়। ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদ কোনোরূপ নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে সদা তৎপর।
তবে রোকেয়া ফুড প্রতিবাদপত্রে বলেছে, প্রাথমিক অবস্থায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখলেও পরবর্তী সময়ে রোকেয়া গ্রুপ উপলব্ধি করে যে তাদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা বিদ্যমান থাকায় ব্যাংকিং করা কষ্টসাধ্য হয়ে যাবে। পরে গত ২১ নভেম্বর ব্যাংকটির কাছে বন্ধকি সম্পত্তি অবমুক্ত করার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বন্ধকি সম্পত্তি ফেরত প্রদান করে মঞ্জুরীকৃত ঋণ প্রস্তাব বাতিল করে ব্যাংকটি।
প্রতিবেদকের বক্তব্য: চলতি বছরের ৮ আগস্ট ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ঋণ অনুমোদন হয়। এরপরই ঘটনা তদন্তে দুই ব্যাংকের শাখা পরিদর্শন করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকটি ঋণ মঞ্জুরি বাতিল করে। তদন্তে বেরিয়ে আসে, কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে ঋণটি নিয়মিত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও ঋণটি কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ছাড়া নিয়ম লঙ্ঘন ও ব্যাংকটির আর্থিক অবস্থা খারাপের কারণে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে সদা তৎপরতার বহিঃপ্রকাশ নয়।