প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ মার্চ প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘ছদ্মনামে মূলধন জোগান, ক্ষমতাও নিজের কাছে’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক আমির হোসেন। তাঁর নিযুক্ত আইনজীবী মোহাম্মদ ইনামের মাধ্যমে পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, ২০১২ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অনুমোদন হওয়া আগ্রহ পত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকার নিজ হিসাবে সঞ্চিত অর্জিত অর্থ বাংলাদেশের মার্কেন্টাইল ব্যাংকের নিজ নামের বৈদেশিক মুদ্রার হিসাবে স্থানান্তর করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের হিসাব খুলতে পরিচয়দানকারী হিসেবে মাকসুদুর রহমান সত্যায়ন করেন। প্রবাসের ব্যস্ততায় দেশে ফেরত না গিয়ে মার্কেন্টাইল ব্যাংক থেকে পাঠানো অর্থ সংগ্রহ করতে মারজানুর রহমানকে ক্ষমতা দেওয়া হয়েছিল, হিসাব পরিচালনার এখতিয়ার তাঁকে দেওয়া হয়নি।
প্রতিবাদে আরও বলা হয়েছে, এনআরবি ব্যাংক প্রতিষ্ঠায় এবং বিকল্প পরিচালক নির্বাচনে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, আমার আস্থা ও বিশ্বস্ততা এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় যোগ্যভাবে আমাকে (আমির হোসেন) প্রতিনিধিত্ব করতে মারজানুর রহমানকে বিকল্প পরিচালক নির্বাচিত করা হয়। মারজানুর রহমান আমার দীর্ঘদিনের পরিচিত, যুক্তরাজ্য থেকে স্নাতক সম্পন্ন করা এবং সফল ব্যবসায়ী। তাঁর পারিবারিক সুনাম ও পরিচিতি, ব্যবসায়িক দক্ষতায় উদ্বুদ্ধ হয়ে তাঁকে বিকল্প পরিচালক হওয়ার প্রস্তাব দেয়। গত চার বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি বিকল্প পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। বিকল্প পরিচালক সূত্রে তাঁর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকতেই পারে। লভ্যাংশের টাকা আমার হিসাবেই জমা হয়েছে, আমার নির্দেশেই তৃতীয় কাউকে প্রদান করা হয়েছে। এতে আমার কোনো অভিযোগ নেই। শেয়ারের টাকা আমার, লভ্যাংশের টাকাও আমার, জমাও হয়েছে আমার হিসাবে, প্রদানও করা হয়েছে আমার নির্দেশে। এতে অনিয়ম কোথায় তা আমার বোধগম্য হলো না। মাকসুদুর রহমানের ছেলে মিজানুর রহমান কখনোই বিকল্প পরিচালক ছিলেন না।
প্রতিবেদকের বক্তব্য: বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের সূত্র ধরে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে জনাব মাকসুদুরের বক্তব্যও ছাপা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।