প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
গত সোমবার প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘ভিওআইপি কল আনছে টেলিটক’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। প্রতিবাদপত্রে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি কার্যক্রমের সঙ্গে টেলিটককে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
টেলিটকসহ অন্যান্য বেসরকারি মোবাইল অপারেটরের সিম ব্যবহার করে বিভিন্ন সময়ে তৃতীয় পক্ষ অবৈধ ভিওআইপি কার্যক্রম পরিচালনা করে, এর সঙ্গে টেলিটকের কোনো সম্পৃক্ততা নেই। তবে অবৈধ ভিওআইপি কার্যক্রমের সঙ্গে কোনো মোবাইল অপারেটর জড়িত আছে কি না, তা যাচাই করে দেখার জন্য উচ্চপর্যায়ের কারিগরি অডিট কমিটি গঠনের আহ্বান জানিয়েছে টেলিটক।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি করা হয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। বিটিআরসি ভিওআইপির অভিযোগে বিটিআরসি গত এক মাসে পাঁচবার অভিযান চালিয়ে টেলিটকের ১ লাখ ২০ হাজার সিম বন্ধ করেছে। এ ছাড়া প্রতিবেদনে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে টেলিটকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়। এ জন্য প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।