প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
প্রথম আলোতে ৪ মে প্রকাশিত ‘টেলিটককে বিটিআরসির ৫০ লাখ টাকা জরিমানা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা কোনো মোবাইল ফোন অপারেটরকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে কি না এ ব্যাপারে কমিশন সন্দিহান। প্রতিবেদনে তথ্য উল্লেখের ক্ষেত্রে বিটিআরসির স্পষ্ট সূত্র ব্যবহার না করার বিষয়টি উল্লেখ করে প্রতিবাদপত্রে বলা হয়েছে, এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা সমীচীন হয়নি। এ ছাড়া বিটিআরসির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করার বিষয়টি কমিশনের কাছে গ্রহণযোগ্য নয় বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে তথ্যের নির্ভুলতা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। যে চিঠির মাধ্যমে টেলিটকসহ অন্য দুই অপারেটরকে জরিমানা করা হয়েছে, তা প্রথম আলোর কাছে আছে। যেহেতু জরিমানার অঙ্ক অন্য দুটি অপারেটরের তুলনায় অনেক গুণ বেশি, তাই প্রতিবেদনে টেলিটকই স্বাভাবিকভাবে বেশি গুরুত্ব পেয়েছে। কাউকে হেয় করার জন্য এটি করা হয়নি। এ ছাড়া সংবাদের কোনো সূত্র নাম প্রকাশ করতে না চাইলে তা গোপন রাখা সাংবাদিকতার স্বতঃসিদ্ধ রীতি।