প্রকাশ্যে সম্পদ বিবরণী জমা দিলেন অর্থমন্ত্রী

জনসমক্ষে নিজের সম্পদ বিবরণী দাখিল করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এভাবে দাখিলে অন্য মন্ত্রীদের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান অর্থমন্ত্রী।
সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে অনলাইনে সম্পদ বিবরণী দাখিল করেন।
পাশাপাশি গত কর বছরের জন্য আয়কর দিলেন অর্থমন্ত্রী ২ লাখ ১২ হাজার ৬১১ টাকা। তাঁর আগেরবারের আয়কর ছিল ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা।
অন্য মন্ত্রীরাও যাতে আপনার মতোই জনসমক্ষে সম্পদ বিবরণী দাখিল করেন—মন্ত্রিসভায় এ রকম প্রস্তাব দেওয়ার কথা সাংবাদিকেরা উত্থাপন করলে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমবারই বলেছিলাম। কিন্তু কেউ সাড়া দিচ্ছেন না।’ বিদ্যমান কর আইনকে এ ক্ষেত্রে একটি বাধা বলে মনে করেন তিনি।
অর্থমন্ত্রী এ-ও বলেন, সম্পদের বিবরণী প্রকাশ করা না-করা মন্ত্রী-সাংসদদের ব্যক্তিগত বিষয়। কেউ চাইলে প্রকাশ করতে পারেন। তাঁরা অবশ্য প্রধানমন্ত্রীর কাছে প্রতিবছরই সম্পদ বিবরণী জমা দেন।

২০১৩ সালের ২৪ ডিসেম্বর নিজের সম্পদ বিবরণী দাখিলের সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘জনপ্রতিনিধিদের আয়-ব্যয়ের হিসাব হবে উন্মুক্ত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা প্রকাশ হওয়া উচিত।’
যথাযথ কাগজপত্র ছাড়াই রূপালী ব্যাংক ফেনী জেলার এক স্বর্ণ ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ঋণ দিয়েছে, যা নিয়ে প্রথম আলোতে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয় সোমবার। প্রতিবেদনটি অর্থমন্ত্রীর নজরে পড়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি পড়িনি।’
তবে রূপালী ব্যাংকসহ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর এসব ঋণের কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এসবের বিরুদ্ধে খুবই কঠোর। অনেক সময় ব্যাংকের পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা পর্ষদের উচ্চপদে যাঁরা থাকেন, তাঁদের পরিচিত লোকেরাই এসব বড় বড় ঋণ পান।’
এ অবস্থা পরিবর্তনের পদক্ষেপ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলোর পর্ষদে একসময় রাজনৈতিক লোকদের নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তা হচ্ছে না। তারপরও পর্ষদগুলোতে কিছু খারাপ লোক (বেড হেড) ঢুকে পড়েছে।
ব্যাংক খাতে লুটপাটের ধারা থেকে আমরা কবে বের হতে পারব—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের আমলে ব্যাংকের এমডিদের অপসারণ পর্যন্ত করা হয়েছে। আগে কেরানি পর্যায়ের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। এ আমলে ডিএমডিরাও জেল খেটেছেন। এক ডিএমডি তো জেলে থেকে মারাই গেলেন।’
অর্থমন্ত্রী হওয়ার আগের বছর এবং তার পরের আট বছরের সম্পদ বিবরণীর চিত্রও গতকাল সাংবাদিকদের কাছে তুলে ধরেন মুহিত। তিনি দেখান, ২০০৮-০৯ করবর্ষে তাঁর আয় ছিল ২২ লাখ ৬২ হাজার ৪৩২ টাকা এবং ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৬ টাকার নিট সম্পদ ছিল। আর ২০১৬-১৭ করবর্ষে তাঁর আয় হয় (৩০ জুন ২০১৬ পর্যন্ত) ৩৪ লাখ ২৫ হাজার ৪২ টাকা এবং নিট সম্পদ দাঁড়ায় ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ৮৬ টাকার।
বিবরণী বিশ্লেষণে দেখা যায়, অর্থমন্ত্রী হওয়ার পর থেকে আট বছরে তাঁর সম্পদ বেড়েছে ৮৩ লাখ ৫৮ হাজার টাকার। আর বছরওয়ারি বিবেচনা করলে অর্থমন্ত্রীর সবচেয়ে বেশি আয় হয়েছে ২০১৪-১৫ করবর্ষে, ৭৩ লাখ ৮৬ হাজার টাকা। আর সবচেয়ে কম আয় হয়েছে ২০১১-১২ করবর্ষে, ১৮ লাখ ৪৬ হাজার টাকা।
রাজস্ব আয়ের চার মাসের চিত্র জানতে চাইলে অর্থমন্ত্রী এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে কথা বলার অনুমতি দেন। নজিবুর রহমান বলেন, ‘এ পর্যন্ত রাজস্ব আদায় পরিস্থিতি খুবই আশাব্যঞ্জক, প্রবৃদ্ধি ১৭ শতাংশের কাছাকাছি। অর্থমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে মানুষ কর দিতে বেশি উৎসাহ বোধ করছেন। তাঁর নেতৃত্বেই বেতন থেকে কর কেটে রাখার (পে রোল ট্যাক্স) কাজটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছি।’
চার মাসের রাজস্ব আদায়ের চিত্র আবারও জানতে চাইলে নজিবুর রহমান এনবিআরের পরিসংখ্যান বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন।
রাজস্ব আদায়ে অনেক দূর যেতে হবে বাংলাদেশকে—এ কথা উল্লেখ করে নজিবুর রহমান তাঁর সাম্প্রতিক ভিয়েতনাম সফরের অভিজ্ঞতার কথা জানান সাংবাদিকদের। বলেন, ‘ভিয়েতনামের ৯ কোটি ১০ লাখ লোকের মধ্যে ৪ কোটি ৯০ লাখ লোক কর দেন। আর আমাদের করদাতা এখনো ২০ লাখের নিচে, ২৫ লাখে উন্নীতের দিকে যাচ্ছি আমরা।’