প্রকৃত কৃষকদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ
প্রকৃত কৃষকেরা যাতে ঋণ পান তা নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকে। একই সঙ্গে কৃষি খাতে ঋণ বিতরণও বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে গতকাল বুধবার কৃষিঋণ কার্যক্রমের অগ্রগতির এক আলোচনায় গভর্নর আতিউর রহমান এ নির্দেশ দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, তিনটি বিদেশি ব্যাংক এবং নতুন ব্যাংকগুলোর মধ্যে একটি ছাড়া অন্য কোনো ব্যাংক চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত কৃষি খাতে কোনো ঋণ বিতরণ করেনি। এমনটি কাম্য হতে পারে না। অথচ নতুন ব্যাংকগুলোর লাইসেন্সের অন্যতম শর্ত ছিল মোট ঋণের অন্তত ৫ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে। কৃষি খাতকে অগ্রাধিকার বিবেচনায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণে ব্যাংকগুলোকে আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) আট হাজার ৮২০ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া আমদানি বিকল্প মসলাজাতীয় ফসল চাষে মাত্র ৪ শতাংশ সুদে গত জুলাই থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৯০ কোটি ৯৩ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৪ শতাংশ বা ৪৯ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে।