ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংকে সাম্প্রতিককালে সংঘটিত প্রতারণার ঘটনায় প্রকৃত কোম্পানিগুলোর ব্যাংক থেকে অর্থ-সহায়তা তথা ঋণ পাওয়া ঝুঁকির মুখে পড়েছে।ঢাকার একটি হোটেলে গতকাল সোমবার আইসিসিবি আয়োজিত ‘আন্তর্জাতিক বাণিজ্যে প্রতারণা: প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও প্রতিকার’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনকালে মাহবুবুর রহমান এ অভিমত দেন। তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর প্রতারণার ঘটনা বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোকেও ঝাঁকি দিয়েছে। এ ছাড়া ব্যাংকগুলো এলসি বা ঋণপত্র খোলার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করায় নিকট অতীতে আমদানি কমেছে।কর্মশালায় আইসিসিবির ব্যাংকিং, টেকনিক ও প্র্যাকটিসেস-সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মামুন রশীদ, মহাসচিব আতাউর রহমান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) কমার্শিয়াল ক্রাইম সার্ভিসেসের পরিচালক পি মুকুন্দন বক্তব্য দেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন ব্যাংক এবং আর্থিক ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ৮৮ জন কর্মকর্তা কর্মশালাটিতে অংশ নেন। আইসিসিবির সভাপতি ব্যাংক খাতের প্রতারণাকে কিছু ব্যাংক কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে সংঘটিত জালিয়াতি হিসেবে উল্লেখ করেন। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো ভবিষ্যতে ব্যাংকিং জালিয়াতি শনাক্তকরণের যথোপযুক্ত পদ্ধতি উদ্ভাবনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম দুটিই দ্রুত ও উল্লেখযোগ্য হারে বাড়ছে। এ দেশের আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে ছয় হাজার কোটি ডলার। যেহেতু বাণিজ্য বাড়ছে, সেহেতু সংশ্লিষ্ট সবার প্রতারিত হওয়ার ঝুঁকিও বাড়ছে।