প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির জন্য প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন দেশের অর্থনীতিবিদ ও শিক্ষাবিদেরা। তাঁরা একই সঙ্গে জীবনযাত্রার মান বাড়াতে দরিদ্র মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য এসব কর্মসূচিতে বাজেটে বরাদ্দ বাড়ানোরও তাগিদ দিয়েছেন।তাঁরা আরও বলেছেন, চলতি ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির জন্য বরাদ্দ বাড়ানো হলেও প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত না করায় প্রচুর দরিদ্র মানুষ কর্মসূচির বাইরে রয়ে যায়। এতে অনেক দরিদ্র মানুষ হতাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমুন্নয় ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘সামাজিক নিরাপত্তা ও এবারের বাজেট (২০১১-১২): প্রান্তজনের ভাবনা’ শিরোনামে এক প্রাক-বাজেট জাতীয় গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। খবর ইউএনবির।রাজধানীর সিরডাপ মিলনায়তনে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুুর রাজ্জাক প্রধান অতিথি এবং সাংসদ গোলাম দস্তগীর গাজী ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ফারজানা নাঈম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এ কে এনামুল হক। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দেশের ৩৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বর্তমান সরকার এসব মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় আনার জন্য অধিক গুরুত্ব দিয়েছে। মন্ত্রী আরও জানান, সরকার সারা দেশে ৬৭ লাখ পরিবারকে ন্যায্য মূল্যের কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করেছে। তা ছাড়া হাওর, মঙ্গাপীড়িত এলাকা ও উপকূলীয় অঞ্চলের মানুষকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দিয়েছে। সরকার এসব কর্মসূচি চালু রাখতে প্রচুর পরিমাণ ভর্তুকি দিচ্ছে। আগামী মাসেই প্রকৃত সুবিধাভোগীদের তালিকা আবার করা হবে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। সরকার স্থানীয় প্রতিনিধিদের স্বচ্ছতা ও দায়বদ্ধতায় আনতে চায়।বক্তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সুবিধাভোগীদের চিহ্নিত করতে সঠিক মানদণ্ড নির্ধারণের ওপরও গুরুত্বারোপ করেন। তাঁরা এসব কর্মসূচি পরিচালন ও বরাদ্দ ব্যয়ের জন্য একটি নীতিমালা প্রণয়নেরও তাগিদ দেন।