গাড়ির ইঞ্জিন ও বিভিন্ন কলকারখানার যন্ত্রপাতি মেরামত আর নাটবল্টু তৈরিতেই একসময় ব্যস্ত ছিল পুরান ঢাকার ধোলাইখালের ছোটখাটো কারখানাগুলো। বর্তমানে কৃষি ও নির্মাণকাজের যন্ত্রপাতি, প্লাস্টিক পণ্যের সাঁচ বা মোল্ড, পেপার মিলের রোলার, ব্রেড ও বেকারির যন্ত্র ইত্যাদি তৈরি হয় কিছু কারখানায়।
সম্ভাবনা থাকায় হালকা প্রকৌশল শিল্প পুরান ঢাকার গণ্ডি ছাড়িয়ে বগুড়া, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর, নীলফামারীসহ বিভিন্ন জেলায় ছড়িয়ে-ছিটিয়ে গেছে। এসব কারখানায় মূলত কৃষি যন্ত্রপাতির চাহিদা, গাড়ির ইঞ্জিনসহ অন্য যন্ত্রাংশ মেরামত করা হয়। সারা দেশে প্রায় ৪০ হাজার কারখানা আছে। অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি। এসব কারখানায় কমপক্ষে ৬ লাখ লোক কাজ করেন।
এ ছাড়া দেশের বিভিন্ন বিসিক শিল্প এলাকা ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) হালকা প্রকৌশল শিল্পের মাঝারি ও বড় কারখানা আছে। এখানকার অনেক কারখানা প্রকৌশল যন্ত্রপাতি, ইলেকট্রিক পণ্য, বাইসাইকেল, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি রপ্তানি করছে। গত ২০১৫-১৬ অর্থবছরে ৫১ কোটি মার্কিন ডলারের প্রকৌশল পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে ২৩ কোটি ৬২ লাখ ডলারের পণ্য।
কারখানাগুলোতে নাটবল্টু কিংবা বড় যন্ত্র বানাতে কাঁচামাল হিসেবে বিভিন্ন ধরনের ইস্পাত (বেজ মেটাল) আমদানি করতে হয়। এ জন্য ৫ থেকে ১২ শতাংশ শুল্ক গুনতে হয় ব্যবসায়ীদের। আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এটিকে ১ শতাংশে নামিয়ে আনার দাবি করেছে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি। তাদের বক্তব্য, আমদানি করা কাঁচামালের ৯০ শতাংশ শিল্পকারখানার মূলধনী ও কৃষি যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। সে জন্য কাঁচামালের আমদানি শুল্ক হ্রাস করলে এসব যন্ত্রপাতির দাম কমে আসবে। কারখানাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
বর্তমানে বার্ষিক লেনদেন ৬০ লাখ টাকা পর্যন্ত হলে হালকা প্রকৌশল খাতের ছোট-মাঝারি কারখানা কুটিরশিল্প হিসেবে মূসকের আওতামুক্ত। তবে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের পরিমাণ ৩০ লাখ টাকার বেশি হলেই মূসক দিতে হবে। আগামী জুলাইয়ে নতুন আইনটি কার্যকর হওয়ার কথা বলছে এনবিআর। ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি বলছে, নতুন আইন কার্যকর হলে ক্ষুদ্র ও মাঝারি কারখানা বিপদে পড়বে। সে জন্য কুটিরশিল্পের বার্ষিক লেনদেন ১ কোটি টাকা পর্যন্ত মূসকের আওতামুক্ত রাখার দাবি করেছে তারা।
এ ছাড়া কারখানাগুলোর পণ্য উৎপাদনে সর্বোচ্চ ২০ শতাংশ মূল সংযোজন ধরে ১৫ শতাংশ মূসক নির্ধারণের দাবি করেছে সমিতি। তাহলে পণ্যের বিক্রয়মূল্যের ওপর মূসক হবে ৩ শতাংশ। এ বিষয়ে সমিতি বলছে, কাঁচামাল আমদানিতে ৫ থেকে ১২ শতাংশ শুল্ক, ১৫ শতাংশ মূসক, অগ্রিম আয়কর ইত্যাদি দিতে হয়। তবে খুচরা পর্যায়ে কাঁচামাল ক্রয়ের সময় কারখানাগুলো আমদানি পর্যায়ে পরিশোধিত মূসকের কাগজপত্র পায় না। তাই পরে তারা মূসক রেয়াত নিতে পারে না।
বর্তমানে প্রায় সব ধরনের কৃষি যন্ত্রপাতি, পাটকল ও বস্ত্রকলের যন্ত্রাংশ, মাছ ধরার ট্রলারের যন্ত্রপাতি, এলপিজি সিলিন্ডার, ডেইরি যন্ত্রপাতি ইত্যাদিতে মূসক অব্যাহতি দেওয়া আছে। তবে নতুন আইন কার্যকর হলে ১৫ শতাংশ মূসক দিতে হবে। সে জন্য এসব পণ্য ও সেবার মূসক অব্যাহতি বহাল রাখার সুযোগ চেয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি। তাদের যুক্তি, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। আর সব শিল্পের প্রাথমিক ধাপ হিসেবে হালকা প্রকৌশল খাতের উন্নয়ন ও বিকাশ খুবই জরুরি। বর্তমানে মূসক অব্যাহতি পাওয়া এসব যন্ত্রপাতি উৎপাদনে ভালো সাফল্য দেখাচ্ছে ছোট ও মাঝারি কারখানা। সুযোগটি অব্যাহত না থাকলে প্রতিযোগিতায় টিকতে পারবে না কারখানাগুলো। তখন আশপাশের দেশ থেকে কম দামি পণ্য আমদানি হয়ে আসবে। কারণ মূলধনী পণ্য আমদানিতে মাত্র ১ শতাংশ দিলেই চলে। তাদের মূসক দিতে হয় না।