প্রকৌশলপণ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রকৌশল পণ্য ও প্রযুক্তি মেলা (বাইয়েট-২০১২) শুরু হয়েছে। একই সঙ্গে সৌরশক্তি পণ্য ও প্রযুক্তি নিয়ে আরেকটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা দুটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল। এতে ১০০টি প্রতিষ্ঠানের ১৩০টি স্টল আছে। এর মধ্যে ভারত ও চীনের ৩০টি স্টল রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। আরও বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনের পরিচালক নন্দগোপাল। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়।মেলায় অংশ নেওয়া ‘মেশিন ঘর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নতুন-পুরোনো শতাধিক প্রকৌশল পণ্য ও যন্ত্রাংশ নিয়ে এসেছে। এর মধ্যে মিক্সচার মেশিন, গ্যাং রোলার, পাইলিং মেশিন, লেদ মেশিন, রোপ ওয়েস্ট, কমেপ্রকটার, বল প্রেস উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী মো. রশিদ জানান, সব মেশিনই দেশে তৈরি করা হয়েছে। শুধু প্রয়োজনীয় কিছু ইঞ্জিন চীন থেকে আমদানি করা হয়।এ ছাড়া শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড সোলার মোটর, ইনভার্টার, পিভি প্যানেল, সোলার চার্জ কনট্রোলার, আইপিএস, ইউপিএস, সুইচ সকেট, সার্কিট ব্রেকার ইত্যাদি পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে। আগামী রোববার পর্যন্ত মেলা চলবে। সাধারণ দর্শনার্থীদের জন্য বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।