শেয়ারবাজার কারসাজির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের শাস্তির আওতায় আনার কাজ চলছে। এ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্বিগ্ন বা ব্যস্ত হওয়ার কিছু নেই। আবার শেয়ারবাজারের জন্য ৯০০ কোটি টাকার যে তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়েছে সেটি সম্পর্কে না জেনে, না বুঝে মন্তব্য করেছে সিপিডি। এই তহবিলের প্রক্রিয়া সম্পর্কে গবেষণা প্রতিষ্ঠানটি অন্ধকারে আছে।শেয়ারবাজার নিয়ে গত সোমবার সিপিডির বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ডিএসই আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংস্থাটির নেতারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।শেয়ারবাজারের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ প্রসঙ্গে সিপিডির পক্ষ থেকে বলা হয় যে এটি রাষ্ট্রীয় অর্থে ব্যক্তির ক্ষতিপূরণ। পুঁজিবাজারে সুশাসনের পরিবর্তে সরকার এই তহবিল জোগান দিচ্ছে। যাঁরা শেয়ারবাজার থেকে অর্থ তছরুপ করেছেন তাঁদের শাস্তি দিতে ব্যর্থ হয়ে সরকার জনগণের টাকায় ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। সিপিডির এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, ৯০০ কোটি টাকা সরকার এমনি এমনি দিচ্ছে না। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফের জন্য ১০ শতাংশ সুদে এই টাকা দেওয়া হবে। পরে সুদাসলে তা সরকার ফেরত নেবে। সুদে টাকা এনে ব্রোকারেজ হাউসগুলোকে বিনিয়োগকারীদের সুদ মওকুফ সুবিধা দিতে বাধ্য করা হচ্ছে। ব্রোকারেজ হাউসগুলোকে ‘ফাউ’ কোনো টাকা দেওয়া হবে না। সুতরাং এখানে রাষ্ট্রের টাকা কাউকে দিয়ে দেওয়া হচ্ছে না। ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী বলেন, ‘বাজেটে আমরা পুঁজিবাজারের জন্য পাঁচ হাজার কোটি টাকা তহবিল রাখার দাবি জানিয়েছি। জনগণের টাকা বিলানোর জন্য বা আমাদের জন্য এটি চাওয়া হয়নি। আমরা বলেছি, সরকারের যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের মাধ্যমে এই তহবিলের অর্থ দিয়ে সরকার বাজারকে স্থিতিশীল করুক। বাজার যখন স্থিতিশীল হয়ে যাবে সরকার তখন লাভসহ বাজার থেকে তার অর্থ তুলে নেবে। সিপিডি সেই প্রক্রিয়া সম্পর্কে অন্ধকারে আছে।’ এদিকে ডিএসইর প্রতিক্রিয়া সম্পর্কে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা এই পদক্ষেপের বিরোধিতা করছি না। কিন্তু কেন এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখা দিল, সেটি ব্যাখ্যা করেছি। আমরা বলেছি, ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাঁদের পুঁজি হারিয়েছেন একশ্রেণীর কারসাজিকারকের জন্য। অথচ এসব কারসাজিকারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া কম সুদে পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হলেও শেষ বিচারে এটি সৎ করদাতাদের অর্থ থেকেই সংস্থান হবে।’