প্রক্রিয়াজাত খাদ্যের প্রদর্শনী ২৪-২৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) বাপার সাধারণ সম্পাদক খুরশীদ আহমাদ ফরহাদ ও সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি এবং ই-থ্রি সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক চানমোহন সাহা
সংবাদ সম্মেলনে (বাঁ থেকে) বাপার সাধারণ সম্পাদক খুরশীদ আহমাদ ফরহাদ ও সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি এবং ই-থ্রি সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক চানমোহন সাহা

বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) চলতি বছরের ২৪ থেকে ২৬ নভেম্বর ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আন্তর্জাতিক মেলার আয়োজন করবে। ‘৪র্থ বাপা ফুড প্রো বাংলাদেশ ২০১৬’ শীর্ষক তিন দিনব্যাপী এ মেলায় খাদ্য প্রক্রিয়াজাতকারী দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।
এই মেলার সঙ্গে ষষ্ঠ এগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৬ ও রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৬ নামে আরও দুটি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকায় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক খুরশীদ আহমাদ ফরহাদ এবং ই-থ্রি সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক চানমোহন সাহা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের এ মেলায় স্বাগতিক বাংলাদেশসহ ১৫টি দেশ অংশ নিতে পারে। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এই মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি অধিবেশন থাকবে, যেখানে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করছে বাপা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে বাপার সদস্যসংখ্যা ৪৭৯, যারা বিশ্বের ১৪০টিরও বেশি দেশে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করে চলেছে। গত ২০১৪-১৫ অর্থবছরে বাপার সদস্যরা ২০ কোটি মার্কিন ডলারের সমমূল্যের খাদ্যপণ্য রপ্তানি করেছে। ২০২০ সালের মধ্যে রপ্তানির এই পরিমাণ ১২০ কোটি ডলারে উন্নীত করতে বাপা আশাবাদী। বিজ্ঞপ্তি।