প্রগ্রেসিভ লাইফকে আট লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা আইন লঙ্ঘনের কারণে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ও কোম্পানির তিন শীর্ষ কর্মকর্তাকে আট লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ একই সঙ্গে গত জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের কোম্পানিটির যাবতীয় লেনদেনের তথ্যও জানতে চেয়েছে।
সম্প্রতি আইডিআরএতে অনুষ্ঠিত এক সভায় এ জরিমানা ও তথ্য চাওয়ার সিদ্ধান্ত হয়।
মোট আট লাখ টাকা জরিমানার মধ্যে কোম্পানিকে পাঁচ লাখ টাকা এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রসুল, প্রধান আর্থিক কর্মকর্তা সাধন চন্দ্র দাস এবং কোম্পানি সচিব মো. নূরুল আমিন প্রত্যেককে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আইডিআরএ সূত্র জানায়, অনুমোদনহীনভাবে প্রগ্রেসিভ লাইফের নগদ তহবিল থেকে চার লাখ সাত হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
নিয়ম থাকা সত্ত্বেও আট মাস ধরে পর্ষদ সভার কার্যবিবরণী আইডিআরএকে পাঠায়নি কোম্পানি। গত ১৮ সেপ্টেম্বর শীর্ষ তিন কর্মকর্তাকে এ বিষয়ে শুনানির জন্য ডাকা হলেও উপযুক্ত কারণ ছাড়াই তাঁরা অনুপস্থিত থাকেন। পরে অবশ্য শুনানিতে অংশ নেন তাঁরা।
আইডিআরএ কোম্পানির লেনদেনের তথ্যের পাশাপাশি জানুয়ারির পর থেকে কোম্পানির সব বদলি, নিয়োগ ও অব্যাহতি-সংক্রান্ত তথ্য, কোম্পানির কেনা ৭৭টি গাড়ির তথ্য এবং কোম্পানি সচিবের নিয়োগপদ্ধতিসহ তাঁর জীবনবৃত্তান্ত জানানোর নির্দেশ দিয়েছে।
জরিমানা বিষয়ে জানতে চাইলে প্রগ্রেসিভ লাইফের কোম্পানি সচিব নূরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এখনো কোনো চিঠি পাইনি। তাই কিছু বলতে পারছি না।’
নগদ টাকা তুলে নেওয়ার বিষয়টি জানা নেই উল্লেখ করে নূরুল আমিন বলেন, গাড়ি ও কার্যবিবরণীর তথ্য আইডিআরএকে পাঠানো হয়েছে। আর কিছু ঝামেলা থাকায় নির্দিষ্ট দিন আইডিআরএতে অনুষ্ঠিত সভায় যেতে পারেননি বলে জানান তিনি।