প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ তানভীর আলমের নিয়োগের অনুমোদন প্রত্যাহার করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ গতকাল বৃহস্পতিবার প্রগ্রেসিভ লাইফের চেয়ারম্যান বজলুর রশীদকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে।
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেবে না আইডিআরএ। বিমাশিল্পের স্বার্থে তাই আগের অনুমোদনটি প্রত্যাহার করা হয়েছে।
বিমা কোম্পানির এমডি হিসেবে নিয়োগ পেতে হলে বিমা বিষয়ে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। এর মধ্যে ডিএমডি পদে থাকতে হয় অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা; যা তানভীর আলমের নেই।
যোগাযোগ করলে সৈয়দ তানভীর আলম বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই৷ এটি কোম্পানির পর্ষদ ও আইডিআরএর বিষয়৷’
যেকোনো বিমা কোম্পানির এমডি নিয়োগ দেয় মূলত ওই কোম্পানির পরিচালনা পর্ষদ। তবে এতে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর অনুমোদন থাকতে হয়। প্রগ্রেসিভ লাইফের এমডি হিসেবে সৈয়দ তানভীর আলমের নামের প্রস্তাব আইডিআরএ অনুমোদন করে গত ২৪ ফেব্রুয়ারি। প্রায় সাড়ে তিন মাস পর আইডিআরএ নিজেই এবার তার আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।
আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, সৈয়দ তানভীর আলমের ব্যাপারে গত ফেব্রুয়ারিতে আইডিআরএ যে অনুমোদন দেয়, তাতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। যোগসাজশ করে এতে কিছু তথ্য গোপন করা হয়েছে।
জানা গেছে, অর্থমন্ত্রণালয় হয়ে এ বিষয়ে একটি অভিযোগ আসে আইডিআরএতে এবং তদন্ত করে আইডিআরএ ওই অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে।
আইডিআরএর তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল করিম প্রথম আলোকে বলেন, ‘সৈয়দ তানভীর আলমের ফাইলটি আটকে ছিল। জানুয়ারির শেষ দিকে চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হলে এটিসহ সব ফাইল আলমারিতে তালা মেরে রেখে যান শেফাক আহমেদ।’ তিনি জানান, তানভীর আলমের পক্ষে আবার আবেদন এলে তা শাখায় পাঠিয়ে দেওয়া হয়। শাখা মতামত দিলে আইনকানুন মেনেই বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
আইন অনুযায়ী একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে গঠিত আইডিআরএ। কিন্তু, গত ফেব্রুয়ারিতে আইডিআরএর নিয়মিত চেয়ারম্যান কেউ ছিলেন না। গোটা সংস্থায় একজন মাত্র সদস্য ছিলেন ফজলুল করিম। তিনিই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তখন।
ফজলুল করিমের বক্তব্য প্রসঙ্গে পরে শেফাক আহমেদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি (ফজলুল করিম) যেসব কর্মকাণ্ড করেছেন, সেগুলো বৈধ করার জন্য এখন অবান্তর কথাবার্তা বলছেন৷ ফাইল তালা দিয়ে আটকে রেখে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না৷