প্রচুর অর্থ পাচার হচ্ছে এমন ধারণায় কিছুটা দ্বিমত গভর্নরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেেক প্রচুর অর্থ পাচার হয়ে যাচ্ছে, এমন ধারণার সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান৷ যেসব সূচক দিয়ে টাকা পাচারের প্রবণতা বোঝা যায়, সেসব সূচকে এর প্রতিফলন সীমিত বলেও উল্লেখ করেছেন তিনি৷
আতিউর রহমান বলেন, টাকা-ডলারের ব্যাংকের বিনিময় হার ও খোলাবাজারের হারের মধ্যে গত দুই-আড়াই বছর ধরে যে পার্থক্য, তা গড়ে দেড় শতাংশ৷ দুই শতাংশের বেশি পার্থক্য হলে মনে করা যেত যে বেশ টাকা পাচার হচ্ছে৷
বর্তমানে ব্যাংকে গড়ে প্রতি ডলার ৭৭ থেকে ৭৮ টাকায় কেনাবেচা হচ্ছে৷ আর কার্ব বা খোলা বাজারে প্রতি ডলার গড়ে ৮০–৮১ টাকায় লেনদেন হচ্ছে৷ ফলে দুই ধরনের বিনিময় হারের মধ্যে পার্থক্য সামান্য৷ যদি ব্যাংকে ডলারের দর অপরিবর্তিত থেকে খোলাবাজারে ডলারের দাম কখনো অনেক বেড়ে যায়, তাহলে টাকা ডলারে রূপান্তর করে অবৈধ পথে বাইরে যাচ্ছে বলে মনে করা হয়৷
গভর্নর আরও বলেন, আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই সময়কালে ক্রমেই বাড়ছে৷ ২০১৩ সালের জানুয়ারিতে এক হাজার ৩০০ কোটি ডলারের রিজার্ভ এ বছর এপ্রিল মাসে দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে৷ তার মানে দেশে অর্থ আসছে৷ গভর্নরের মতে, টাকা যে পাচার হচ্ছে না, এমন নয়৷ তবে ওই দুই সূচক দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ার ধারণাকে পুরোপরি সমর্থন করে না৷
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশ আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় গতকাল দুপুরে একটি হোটেলে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও বিনিয়োগের ওপর বক্তব্য দেওয়ার পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে গভর্নর এসব কথা বলেন৷ এ সময় আতিউর রহমান আরও বলেন, পাচার হওয়া টাকার পরিমাণ নির্ধারণ করা বেশ কঠিন কাজ৷
উল্লেখ্য, ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইনটেগ্রিটি (জিএফআই) সর্বশেষ হিসাব অনুসারে, ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে বাংলাদেশ থেকে অন্তত এক হাজার ৬০০ কোটি বা ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে৷
সে হিসাবে গড়ে প্রতিবছর ১৬০ কোটি ডলার বা প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে৷ এই অর্থ বাংলাদেশের মোট সামাজিক নিরাপত্তা ও কল্যাণের জন্য বরাদ্দকৃত বার্ষিক বাজেটের প্রায় সমান৷
অস্বচ্ছ ব্যবসায়িক লেনদেন, দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমে এই অর্থ স্থানান্তর করা হয়েছে বলে জিএফআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি লেনদেনের ভারসাম্যে বিচ্যুতি, বিদেশি ঋণে পরিবর্তনসহ কয়েকটি পদ্ধতি প্রয়োগ করে অর্থ পাচারের হিসাব নির্ণয় করে৷
অ্যামচেমের সভায় গভর্নর আরও বলেন, ‘আমাদের মানি-লন্ডারিংবিরোধী আইন আছে৷ আছে ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট৷ ফলে বাংলাদেশ থেকে টাকা পাচার করা খুব সহজ কাজ নয়৷’
সভায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, ভারতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পরই ভারতীয় মিন্ত্রসভা ভারতীয়দের কালোটাকা ও টাকা পাচার বিষয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে৷ তিনি বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে জানতে চান যে বাংলাদেশে এ রকম কিছু করা হবে কি না৷ এর জবাব দিতে গিয়ে গভর্নর এসব কথা বলেন৷
আতিউর আরও বলেন, যেভাবে কালো অর্থনীতি ও কালোটাকার কথা বলা হয়, বাস্তবে বিষয়টি হয়তো পুরোপুরি সে রকম নয়৷ বরং অনানুষ্ঠানিক বা ধূসর অর্থনীতি বলা অধিক যুক্তিসংগত৷ আর কালোটাকার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের করণীয় সীমিত বলেও উল্লেখ করেন তিনি৷
মূল আলোচনায় আতিউর রহমান বলেন, ২০ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ গড়ে তোলা হয়েছে বলে অনেকে বলছেন যে এখান থেকে অর্থ বিনিয়োগ করতে দিতে হবে৷ কিন্তু মনে রাখতে হবে, রিজার্ভ হলো ‘বর্ষাকালের’ অর্থাৎ আপৎকালীন সময়ের জন্য৷
ভালো রিজার্ভ বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে৷ তারা এ দেশে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে৷ গভর্নর এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে থাকাকে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন৷ অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনা তাসনিম, অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর প্রমুখ৷