
রাজনৈতিক অস্থিরতা, টানা হরতাল আর অবরোধের কারণে গেল বছরটি ভালো যায়নি দেশীয় বুটিক কিংবা ফ্যাশন হাউসগুলোর। লোকসানের মুখে পড়ে রাস্তায় নেমে মানববন্ধন পর্যন্ত করেছিলেন উদ্যোক্তারা।
তবে রাজনৈতিক অস্থিরতা না থাকায় এ বছর তেমন অবস্থায় পড়তে হচ্ছে না দেশীয় উদ্যোক্তাদের। রমজানের শুরু থেকেই রাজধানীর বিপণিবিতানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফলে পোশাকের বিকিকিনি এবার কিছুটা ভালো।
একাধিক ফ্যাশন হাউসের উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর পয়লা বৈশাখকে ঘিরে দেশীয় পোশাকের মন্দা বাজার চাঙা হয়ে ওঠে। সে কারণেই রোজার ঈদে দেশীয় ব্র্যান্ডের এসব পোশাকের বেচাকেনা আরও জমে ওঠার আশায় ছিলেন তাঁরা।
তবে ভারত ও পাকিস্তান থেকে আসা পোশাকের কারণে কিছুটা মার খাচ্ছে দেশীয় ব্র্যান্ডের এসব পোশাক। আর তাই আগের বছরের চেয়ে বিক্রি এ বছর ভালো হলেও আশানুরূপ বিক্রি হওয়া নিয়ে শঙ্কায় আছেন দেশীয় বুটিক হাউসের মালিকেরা।
ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির (ফ্যাশন উদ্যোগ) সভাপতি আজহারুল হক প্রথম আলোকে বলেন, ‘ঈদে বিক্রি খুব একটা খারাপ হচ্ছে না। কিন্তু আমরা যেমনটা আশা করেছিলাম সে অনুযায়ী হচ্ছে না। গত বছরটা আমরা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে পার করেছি। এরপর পয়লা বৈশাখে আমাদের বেচাবিক্রি আগের বছরের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছিল। সে কারণে আমরা আশা করেছিলাম এবার বিক্রি অনেক বাড়বে। কিন্তু তা হয়নি।’ বিক্রি কতটা বেশি আশা করেছিলেন সে বিষয়ে তিনি বলেন, ২০ থেকে ৩০ শতাংশ।
ফ্যাশন উদ্যোগের তথ্য অনুযায়ী, দেশে এখন আনুমানিক সাড়ে চার হাজার ফ্যাশন হাউস আছে। এর ৬০ শতাংশই গড়ে উঠেছে ঢাকা ও চট্টগ্রামে। আর এসব প্রতিষ্ঠানে বার্ষিক লেনদেনের পরিমাণ আনুমানিক ছয় হাজার কোটি টাকা। সারা বছর তাঁদের যে ব্যবসা হয়, তার অর্ধেকই হয় রোজার ঈদে। সে হিসাবে, রোজার ঈদে দেশীয় ফ্যাশন হাউসগুলোর প্রায় তিন হাজার কোটি টাকার পোশাকের ব্যবসা হয়। এ বছর ঈদে এর চেয়ে ৫ থেকে ১০ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সে হিসাবে, এবার পোশাক বিক্রির পরিমাণ দাঁড়াতে পারে তিন হাজার ৩০০ কোটি টাকা।
দেশীয় ফ্যাশন হাউসগুলোতে পুরুষের শার্ট, টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি এবং মহিলাদের থ্রি-পিস, ফতুয়া, শাড়ি বিক্রি হচ্ছে। সব ধরনের পোশাক মিলছে সর্বনিম্ন ৪০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। তবে এক্সক্লুসিভ কিছু পোশাকও এখানে মিলবে। এগুলোর দাম আবার বেশি। এমন একটি শাড়ির জন্য ক্রেতাদের ২০ থেকে ২৫ হাজার টাকাও গুনতে হয়।
ফ্যাশন হাউস রঙ-এর অন্যতম কর্ণধার সৌমিক দাস প্রথম আলোকে বলেন, ‘রোজার শুরুতে ঈদের বেচাকেনা বেশ জমে উঠেছিল। বেচাবিক্রি এবার আশানুরূপ হবে ভেবে তাঁরা তখন অনেক আশান্বিত হয়েছিলেন। এ অবস্থা চলেছিল ১০-১৫ রোজা পর্যন্ত। কিন্তু এরপর আর বিক্রি বাড়েনি। বিক্রি ওই জায়গাতেই স্থির হয়ে আছে। বাকি দিনগুলোতে বাড়বে কি না বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘বৈশাখে পোশাকের বিক্রি ভালো হওয়ায় ঈদ সামনে রেখে আমাদের প্রস্তুতিও অনেক ভালো ছিল। কিন্তু সে অনুযায়ী আশানুরূপ বিক্রি হয়নি।’
বেচাকেনা আশানুরূপ না হওয়ার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে দেশীয় বুটিক হাউসগুলো। উদ্যোক্তাদের মতে, ভারত ও পাকিস্তান থেকে অবাধে নানা ধরনের পোশাক আসছে। এগুলো অনেক ক্ষেত্রে মূল্যছাড়ে বিক্রি করেছে ভারতীয় ব্যবসায়ীরা। ফলে এসব পোশাক দেশীয় পোশাকের চেয়ে কম দামে বাজারে বিক্রি হচ্ছে। আর এসব পোশাক পৌঁছে গেছে পাড়া-মহল্লার দোকানগুলোতেও।
আবার দেশীয় গণমাধ্যমগুলোতে প্রতি বছরের মতো এবারও ভারতীয় বিভিন্ন পোশাকের অতিমাত্রায় প্রচার করা হয়েছে। ক্রেতারা মার্কেটে গিয়ে ‘পাখি’ ড্রেস খুঁজছেন। অথচ ‘পাখি’ ড্রেসটা যে কী সেটা বেশির ভাগ ক্রেতাই জানেন না। এসব পোশাকের মান তেমন ভালো না হলেও প্রচারণার কারণে তা জনপ্রিয় হচ্ছে। প্রতিবছরই ঈদের আগে ভারতীয় এমন কিছু পণ্য জনপ্রিয়তা পায় এবং ভালো বিক্রি হয়।
আরেকটি কারণ হলো, ভারতীয় পোশাক প্রস্তুতকারকেরা এ দেশে মূলত জর্জেট, সিফন ও সিনথেটিক কাপড়ের জাঁকজমকপূর্ণ পোশাকটাই বেশি পাঠান। এমন পোশাক দেশীয় বুটিক হাউসগুলো প্রস্তুত করে না।
আবার ঈদ সামনে রেখে ঢাকার বিভিন্ন স্থানে ঈদ-পোশাকের মেলা হচ্ছে। বিক্রি হয় নানা ধরনের পোশাক। আর তাতে দেশীয় পোশাকের বদলে ঠাঁই হয় ভারতীয় বিভিন্ন ধরনের পোশাক। এসব কারণে মার খাচ্ছে দেশীয় বুটিক হাউসগুলো। আবার ভারতীয় এসব পোশাকের নকলও বিক্রি হচ্ছে।
শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস রূপকথার স্বত্বাধিকারী কমল পাল জানালেন আরেক কথা। তাঁর মতে, ব্র্যান্ড ভ্যালু বেশি—এমন ফ্যাশনের হাউসগুলোর বিক্রি বেশি। তিনি জানালেন, তাঁর দোকানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ হাজার টাকার পোশাক বিক্রি হচ্ছে।
আজিজ সুপার মার্কেট থেকে ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজীন নাবিলা। এত এত ভারতীয় পোশাক থাকতে কেন দেশি ব্র্যান্ডের পোশাক কিনছেন?—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব সময় দেশি ব্র্যান্ডের পোশাক পরি। এসব পোশাকে একধরনের দেশীয় ছোঁয়া থাকে।’
দাম নিয়ে অভিযোগ: বসুন্ধরা সিটিতে ঈদের পোশাক কিনতে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাসরিন সুলতানা। কয়েকটি ব্র্যান্ডের দোকান ঘুরে শেষে আড়াই হাজার টাকায় একটি তৈরি থ্রি-পিস কেনেন তিনি।
দেশি দশের আউটলেটে কথা হয় নাসরিনের সঙ্গে। পোশাকের দাম নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘গত ঈদে এমন জামা কেনা গেছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায়। এবার কিনলাম আড়াই হাজার টাকায়। এভাবে চলতে থাকলে আগামী বছরের ঈদে হয়তো এ ধরনের জামা তিন হাজার টাকায়ও কেনা যাবে না।’
ক্রেতাদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রঙের সৌমিক দাস বলেন, তৈরি পোশাক খাতের মজুরি বেড়ে যাওয়ার কারণে আমাদেরও শ্রমিকের মজুরি বাড়িয়ে দিতে হয়েছে। এক-দেড় বছর আগেও যেখানে সাধারণ মানের একজন শ্রমিককে চার থেকে পাঁচ হাজার টাকায় কাজ করাতে পারতাম, এখন তাঁদের দিতে হয় সাত হাজার টাকা। বছর দেড়েক আগেও যে থানকাপড়ের দাম ছিল ৬০ টাকা গজ, সেটা এখন কিনতে হয় ১২০ টাকার বেশি দামে। এর সঙ্গে আছে শো-রুমের উচ্চ ভাড়া। আবার সরকার বছর বছর বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তার ওপর বিদ্যুৎ থাকে না। ফলে সারা দিনই জেনারেটর চালাতে হয়। এসব কিছুই গিয়ে পড়ছে পোশাকের দামে।
সৌমিক দাস অবশ্য মনে করেন, দাম যে অনুযায়ী বাড়ানো উচিত, সে অনুযায়ী বাড়ানো হয়নি। সব ধরনের ক্রেতার কথা চিন্তা করেই এটা করা হয়েছে।
রূপকথার কমল পাল জানান, তাঁর দোকানের পাঞ্জাবির দাম ১৫৫০-১৬৫০ টাকা। একটি পাঞ্জাবির উৎপাদন খরচ ৯০০ থেকে ৯৫০ টাকা। ফলে খুচরা বিক্রিতে একটি পাঞ্জাবিতে ৬০০ থেকে ৬৫০ টাকা লাভ থাকে। তবে পাইকারি বিক্রি করলে ৩০ শতাংশ ছাড় দিতে হয়। তিনি আরও জানান, তাঁর দোকানে একটি টি-শার্ট ২২০ থেকে ৩২০ টাকা ও ফতুয়া ৬৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। একটি টি-শার্ট তৈরিতে ১২৫ থেকে ১৮৫ টাকা এবং ফতুয়ায় খরচ হয় ৪৫০-৫০০ টাকা।