প্রণোদনা তহবিল থেকে ঋণ চায় সরকারি সংস্থা

করোনাভাইরাসজনিত অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে তহবিল ঘোষণা করেছেন, সেখান থেকে ঋণ চেয়েছে একটি সরকারি সংস্থা।
সংস্থাটির নাম বাংলদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)। তারা তাদের ৫টি শিল্পপ্রতিষ্ঠানকে ৯০ কোটি টাকা ঋণ দেওয়ার জন্য ৮ এপ্রিল অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিষয়টি নিবিড়ভাবে তদারকির জন্য শিল্পসচিব মো. আবদুল হালিমকে নির্দেশনা দেন।
বিএসইসি এ ঋণ চেয়েছে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার প্যাকেজ-২–এর আওতায়। এতে ক্ষুদ্র (কুটিরশিল্পসহ) ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর চলতি মূলধন জোগান দিতে ২০ হাজার কোটি টাকার তহবিলের কথা বলা হয়। এ ঋণসুবিধার সুদের হারও হবে ৯ শতাংশ। ঋণের ৪ শতাংশ সুদ ঋণগ্রহীতা শিল্পপ্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে।
শিল্প মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিল্প খাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য একটি কার্যকর সুপারিশমালা তৈরির জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, করোনা–পরবর্তী সময়ে অতিক্ষুদ্র, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত কীভাবে ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়ে এখনই একটি কার্যকর নীতিমালা ও সুপারিশ প্রণয়ন করতে হবে। এ লক্ষ্যে তিনি শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়, বিসিক, এসএমই ফাউন্ডেশন, এফবিসিসিআই, বিসিআই, নাসিব এবং ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন।
শিল্পমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে এক অডিও বার্তায় এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, করোনার প্রভাবে তৃণমূল পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানার সঠিক তালিকা প্রণয়ন করতে হবে। প্রণোদনার অর্থের যাতে কোনো ধরনের অপব্যবহার না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে এর সুফল পায়, সে জন্য জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি।
শিল্পসচিব শিল্পমন্ত্রীকে জানান, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ যাতে সংশ্লিষ্ট শিল্পমালিকরা সঠিকভাবে ও সহজভাবে পান, সে লক্ষ্যে ইতিমধ্যে বিসিক, এসএমই ফাউন্ডেশন, নাসিব এবং বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কাছ থেকে সুপারিশ সংগ্রহ করা হয়েছে। এর ভিত্তিতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি প্রস্তাবনা তৈরি করেছেন। এগুলো যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগে প্রেরণ করা হবে।