পুঁজিবাজারের ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ঘোষিত বিশেষ সুবিধা বা স্কিম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আপাতদৃষ্টিতে অনেকে এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকে এটা নিয়ে খুব একটা হইচই না করারও পরামর্শ দিয়েছেন। আবার অনেকে বলছেন, এটা ক্ষতিগ্রস্ত সবার জন্য হওয়া উচিত ছিল। সব মিলিয়ে ঘোষিত ওই প্রণোদনা বাজারে খুব একটা প্রভাব না-ও ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।শেয়ারবাজারের ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য গতকাল রোববার বিশেষ সুবিধা ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঘোষিত প্রণোদনার আওতায় এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ এবং শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা ক্ষতিগ্রস্তদের জন্য সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়। শেয়ারবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা নিজস্ব অর্থ বিনিয়োগ করে এর বিপরীতে যাঁরা ঋণসুবিধা নিয়েছেন, কেবল তাঁরাই সুদ মওকুফের সুবিধা পাবেন। আর ঋণগ্রস্ত বা ঋণ ছাড়া উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী আইপিও কোটা-সুবিধা পাবেন। ২০১২ ও ২০১৩ সালে ইস্যু হওয়া সব আইপিওতে ২০ শতাংশ কোটা তাঁদের জন্য সংরক্ষণ করা হবে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী এই প্রণোদনা ঘোষণা করা হয়।এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত সব বিনিয়োগকারীর জন্য ক্ষতিপূরণ চেয়েছি।’ তিনি বলেন, যাঁরা ১০ লাখ টাকার ওপরে বিনিয়োগ করেছিলেন, তাঁদের অনেকের ‘ইক্যুইটি মাইনাসে’ রয়েছে। তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ‘সুতরাং তাঁদের কী হবে?’২০১০ ও ২০১১ সালের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সব সুদ মওকুফ এবং সিডিবিএল ও লেনদেনের ওপর কর ফেরত দেওয়া হলে আরও ভালো হতো বলে মনে করেন মিজান উর রশিদ।এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ঘোষিত প্রণোদনা বিস্তারিত পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে। তবে তিনি বলেন, যেকোনো ব্যক্তি বিনিয়োগকারী, ঋণ নিয়ে বিনিয়োগ করুক বা না করুক, সবাইকে এই প্রণোদনার আওতায় আনা উচিত ছিল।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, সরকারের এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। গতকালের বৈঠকে উপস্থিত সবাই এটা সমর্থন করেছেন। তবে সুদ মওকুফ কীভাবে করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই সপ্তাহে মার্চেন্ট ব্যাংকারদের বৈঠক ডেকেছি। ওই বৈঠকে সার্বিক বিষয় আলোচনা করে পরবর্তী সময়ে বলা যাবে।’ তবে এ ক্ষেত্রে বর্তমান তারল্য সংকট মাথায় রাখা হবে বলেও জানান তিনি।এ ব্যাপারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মাদ মুসা প্রথম আলো অনলাইনকে বলেন, বর্তমানে বাজারে সবচেয়ে বড় সমস্যা তারল্য-সংকট। এ অবস্থায় প্রণোদনার মাধ্যমে যে বাজারে তারল্য সরবরাহ বেড়ে যাবে, এমনটি নয়। বরং সাময়িকভাবে কিছু বিনিয়োগকারী স্বস্তি পেলেও বেশির ভাগ বিনিয়োগকারীর ইক্যুইটি মাইনাসে রয়েছে। তাই বিষয়টি বাজারে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।এই বাজার বিশেষজ্ঞ বলেন, এতে কিছু সময়ের জন্য বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হলেও এটা নিয়ে খুব একটা হইচই করার কারণ নেই।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন বিনিয়োগকারীদের ৫০ শতাংশ সুদ মওকুফ করায় তাঁরা অনেকটা উপকৃত হবেন। তবে যাঁরা লাভবান হয়েছেন, তাঁদের জন্য এটা প্রযোজ্য নয়। এ ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলো রাজি থাকলে বিষয়টি সমাধান করা সহজ হবে। তবে আইপিওতে আসা কোম্পানিগুলোর এসইসি যে দাম নির্ধারণ করছে, তা খুব বেশি। তাই আইপিওর দাম নির্ধারণের ক্ষেত্রে এসইসিকে আরও সতর্ক থাকতে হবে। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আরও লাভবান হবেন। তবে সরকারের আন্তরিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ।