প্রণোদনা প্যাকেজের কোনো অর্থ দাবি কেন্দ্রীয় ব্যাংকে পড়ে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের কোনো ফাইল বাংলাদেশ ব্যাংকের কাছে পড়ে নেই বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত ছাড়ের দাবি করে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর বক্তব্যের জবাবে গভর্নর গতকাল মঙ্গলবার এ তথ্য জানান। সালাম মুর্শেদী বলেছিলেন, ৩৫ লাখ ডলার পর্যন্ত রপ্তানি করে এমন কারখানাকে মোট রপ্তানির ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ার সরকারি ঘোষণা ছিল। কিন্তু এই নগদ সহায়তার দাবিসংক্রান্ত ফাইলটি এখন কেন্দ্রীয় ব্যাংকে পড়ে আছে।রাজধানীর পান্থপথে বিজিএমইএ ভবনে গতকাল আয়োজিত ‘ইনকোটার্মস-২০১০’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ এই কর্মশালার আয়োজক ছিল।আতিউর রহমান বলেন, প্রণোদনা প্যাকেজ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কিছুই করার নেই। এটি পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের হাতে। কেন্দ্রীয় ব্যাংক কেবল ব্যাংকগুলোতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পৌঁছে দিয়ে থাকে। সেই নির্দেশনা অনুযায়ী দাবি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফাইল ছাড় করা হবে বলে নিশ্চয়তা দেন গভর্নর।আব্দুস সালাম মুর্শেদী বলেন, আজ বুধবার থেকে ব্যাংকে এলসি (ঋণপত্র) খোলা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হলে তিনি সদস্যদের চাপে আর বিজিএমইএ ভবনে প্রবেশ করতে পারবেন না। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে গভর্নরকে অনুরোধ করেন তিনি। ১ শতাংশ সুদের গৃহায়ণ তহবিল থেকে বিজিএমইএর সদস্যরা যাতে ঋণ পেতে পারেন, সে ব্যাপারে তিনি নিশ্চয়তা চান।সালাম মুর্শেদী বলেন, প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুত ছাড় করা ও ব্যাংকঋণের সুদ একক অঙ্কে নামিয়ে আনতে না পারলে মন্দা-পরবর্তী সুযোগ হাতছাড়া হতে পারে।আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ক্রেতা-বিক্রেতার লাভক্ষতি, ঝুঁকি, বিমা, শুল্ক এবং পারস্পরিক দায়দায়িত্ব ইত্যাদি সহজ করার জন্য গুরুত্বপূর্ণ একটি হিসাব পদ্ধতি হচ্ছে ইনকোটার্মস। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সিটি ব্যাংক এনএর বাংলাদেশের এমডি ও কান্ট্রি অফিসার মামুন রশীদ বক্তব্য দেন। এ সময় বিজিএমইএর সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ফারুক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।