প্রণোদনাকে স্বাগত জানাল দুই স্টক এক্সচেঞ্জ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ফখর উদ্দিন আলী আহমেদ। এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন আজ বিকেলে ওই প্যাকেজ ঘোষণার পর রাতে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তাঁরা এসইসির ঘোষণাকে স্বাগত জানান।প্রতিক্রিয়ায় ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এটি একটি যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ। এটা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।’ তবে বিষয়গুলো বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করনে তিনি।শাকিল রিজভী বলেন, ব্যাংকের এক্সপোজারের বিষয়টি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া বিদেশি প্রাতিষ্ঠানিক এবং অনিবাসী বাংলাদেশিদের পুঁজিবাজারে বিনিয়োগ থেকে অর্জিত লাভের ওপর আরোপিত ১০ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারের সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকে আরও উত্সাহিত করবে। এতে করে বাজারে অর্থপ্রবাহ বৃদ্ধি পাবে বলেও মনে করেন তিনি।সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদও এসইসির ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এসইসির পক্ষ থেকে যা পেয়েছি, তাতেই ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট।’ তিনি বলেন, বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। এটা যথাযথভাবে বাস্তবায়িত হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রচুর অর্থ বাজারে আসবে বলে মন্তব্য করেন তিনি।তবে এ ব্যাপারে ভিন্নমত ব্যক্ত করেছেন, বাজার বিশেষজ্ঞ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকস বিভাগের অধ্যাপক মোহাম্মাদ মুসা। তিনি বলেন, এসইসির ঘোষণায় নতুন কিছু নেই। কেননা, দেরি করে হলেও ‘নতুন কিছু আসবে’ বলে আশা করেছিলেন বিনিয়োগকারীরা।তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যথাযথভাবে বাজারে সক্রিয় হলে ভালো ফল বয়ে আনতে পারে বলে মনে করেন এই বাজার বিশ্লেষক।