প্রণোদনার খবরে ঊর্ধ্বমুখী ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনার খবরে আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দিনের শুরু থেকে সূচকের কয়েকবার ওঠানামার পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শেষ হয়। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সামান্য কমে গিয়েছিল। দুই বাজারেই আজ লেনদেন কমেছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বছরের নভেম্বরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজার নিয়ে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। ওই দিন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ স্কিম কমিটি ঘোষণা করা হয়। ওই স্কিম কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ দুপুরে এই প্রণোদনা ঘোষণা করেন। এই ঘোষণা আজ বাজারে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।¬ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৩.৯১ পয়েন্ট বেড়ে ৪৫৭৭.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ৪৮ পয়েন্ট কমে যায়। এরপর কয়েকবার ওঠানামা করে দুপুর ১২টার পর থেকে সূচকের নিম্নমুখী প্রবণতা বজায় থাকে। তবে বেলা দুইটার পর থেকে সূচক ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টিরই দাম বেড়েছে। কমে ৭৮টির আর অপরিবর্তিত ছিল ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২৭৩ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১৩৫ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, সামিট পাওয়ার, যমুনা অয়েল, গ্রামীণফোন, আরএন স্পিনিং, আফতাব অটো, বিডি থাই ও এমআই সিমেন্ট।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১.৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩১০৭.৩১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টিরই দাম বেড়েছে। কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১০ কোটি টাকার কম।