প্রণোদনার বিষয়ে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা দরকার

আগামী ৩ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণার দিন চূড়ান্ত করা হয়েছে। করোনাকালের দ্বিতীয় বাজেট এটি। করোনায় বিপর্যস্ত অর্থনীতি, বাড়ছে দারিদ্র্য, কমেছে কর্মসংস্থান। করোনার ধাক্কায় স্বাস্থ্য খাতও রুগ্‌ণ। এত সব সমস্যা সমাধানের পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ এবারের বাজেটে। ব্যবসায়ীরাও তাঁদের ব্যবসা টিকিয়ে রাখতে চেয়ে আছেন অর্থমন্ত্রীর নতুন বাজেটের দিকে। অর্থনীতিবিদেরা বলছেন, প্রবৃদ্ধি নয়, বাজেট হতে হবে সামগ্রিক উন্নয়নের। আগামী বাজেট কেমন হওয়া চাই—এ নিয়ে কথা বলেছেন নতুন উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, ব্যাংকার ও নারী উদ্যোক্তারা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ জালাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি

করোনার কারণে হস্তচালিত রুটি, বিস্কুট ও কেক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ভালো নেই। ব্যবসা স্বাভাবিক সময়ের তুলনায় ২০ শতাংশে নেমে এসেছে। কারণ, আমাদের ব্যবসার বড় অংশই ফুটপাতকেন্দ্রিক। করোনাকালে লকডাউনসহ নানা কারণে ফুটপাতে অনেকেই দোকানদারি করতে পারছেন না। উৎপাদন কমে গেছে। ধারকর্জ করে কর্মচারীদের বেতন দিয়ে কোনোরকমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন গুটিকয় উদ্যোক্তা।

করোনার আগে সারা দেশে পাঁচ হাজারের মতো বেকারি ছিল। বর্তমানে এক হাজার বেকারি টিকে আছে কি না সন্দেহ। অনেক বেকারিমালিক কারখানার ভাড়া দিতে না পেরে গ্রামের বাড়িতে চলে গেছেন। সেসব কারখানা বর্তমানে বাড়ির মালিকদের জিম্মায় আছে। চোখের সামনে অনেকে ব্যবসা থেকে ছিটকে গেলেও সরকারের তরফ থেকে কোনো সহায়তা আমরা পাইনি। হস্তচালিত বেকারিগুলোর হারানো ব্যবসা নিয়ে নিচ্ছে বড় বড় করপোরেট প্রতিষ্ঠান।

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সরকার বিপুল অঙ্কের প্রণোদনা তহবিল দিয়েছিল। তবে আমাদের মতো ছোট ব্যবসায়ীরা তার সুবিধা পাইনি। ব্যাংক হিসাব না থাকায় সরকারি প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে আবেদনই করার সুযোগ পাননি বেকারিমালিকেরা। আবার বেশ কয়েকবার গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধে কিস্তি সুবিধা চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সব মিলিয়ে প্রতিষ্ঠানগুলো অসহায় অবস্থায় আছে। আমাদের স্বস্তির জায়গা একটি, অভিজ্ঞ কর্মচারীরা আমাদের ছেড়ে যাননি। অনেকেই শুধু খাওয়া খরচ ও বাড়িতে পাঠানোর জন্য অল্প কিছু টাকা নিয়ে বেকারিমালিকদের টিকে থাকতে সহযোগিতা করছেন।

হস্তচালিত বেকারি খাতকে টিকিয়ে রাখতে হলে প্রণোদনা দরকার। ব্যাংক ছাড়া অন্য কোনোভাবে প্রণোদনা তহবিলের ঋণ বিতরণের বিশেষ ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে আগামী বাজেটে সুস্পষ্ট একটি নির্দেশনা থাকা দরকার। প্রয়োজনে সমিতির তরফ থেকে প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধের গ্যারান্টি দেওয়া হবে। কিন্তু প্রণোদনা না পেলে বেকারি খাতের ১০-১২ লাখ শ্রমিক-কর্মচারী বেকার হওয়ার শঙ্কায় পড়বেন।

উৎপাদন পর্যায়ে ১৫০ টাকা পর্যন্ত রুটি, বিস্কুট ও কেকের ওপর ভ্যাটমুক্ত সুবিধা রয়েছে। আগামী বাজেটেও এটি অব্যাহত রাখা প্রয়োজন। তা না হলে ছোট প্রতিষ্ঠানগুলো টিকতে পারবে না। আগে বিক্রয় পর্যায়ে ৮০ লাখ টাকা বার্ষিক লেনদেন পর্যন্ত ভ্যাটমুক্ত ছিল। তবে এসআরওর মাধ্যমে বর্তমানে ৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হচ্ছে। এটি বন্ধ করা দরকার। আমাদের খাতের লোকবলের ৯০ শতাংশের অক্ষরজ্ঞান নেই। তাঁদের পক্ষে খাতা-কলমে হিসাবপত্র লেখা এবং ভ্যাটসংক্রান্ত কাগজপত্র প্রস্তুত ও সংরক্ষণ সম্ভব নয়।