প্রণয়ন হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
চলতি বছরের জুলাই মাস থেকে সপ্তম পঞ্চবার্ষিকী (২০১৫-২০২০) পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘২০১৫ সাল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার শেষ বছর। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের ঘাটতিসমূহ এবং ২০১৫ পরবর্তী উন্নয়ন অ্যাজেন্ডার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা প্রণয়ন করতে যাচ্ছি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা; যার বাস্তবায়ন শুরু হবে জুলাই ২০১৫ হতে।’
অর্থমন্ত্রী জানান, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কারিগরি ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গঠন। বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ খাতে অবকাঠামোগত সীমাবদ্ধতা দূরীকরণ। কৃষিভিত্তিক শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন কৌশল নির্ধারণ। আইসিটি-স্বাস্থ্য-শিক্ষা সংক্রান্ত সেবা রপ্তানিতে সুনির্দিষ্ট নীতিকৌশল প্রণয়ন। সরকারি-বেসরকারি বিনিয়োগে গতিশীলতা আনয়ন। রপ্তানির গতিশীলতা এবং একইসঙ্গে পণ্যের বৈচিত্রায়ণ থাকবে।
অর্থমন্ত্রী জানান, এই সব লক্ষ্যে অর্জনে সঞ্চয়, বিনিয়োগ, সরকারি আয় ও ব্যয়, ঘাটতি অর্থায়ন, বৈদেশিক সহায়তা, সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা, প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও সংস্কারের ধরন বিষয়েও নতুন পরিকল্পনা দলিলে দিক-নির্দেশনা থাকবে।