প্রকল্প প্রণয়নের আগে যথাযথভাবে প্রকল্প বাছাই করতে হবে। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রশাসনিক কাঠামো কার্যকর ও স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। গতকাল শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত ২০১০-১১ অর্থবছরের বাজেটের ওপর এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সুপ্রর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। তিনি বলেন, ‘সরকারের আয় জনগণ থেকে আসে, এ জন্য ব্যয় জনগণের স্বার্থেই হওয়া উচিত।’ তিনি টেকসই উন্নয়নের জন্য প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা ও সরকারের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথি সাবেক বেসামরিক ও পর্যটন প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, চলতি অর্থবছর এডিপির বরাদ্দের ৭০ শতাংশও বাস্তবায়িত হয়নি। ২০১০-১১ অর্থবছরের ঘোষিত বৃহৎ এডিপি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সবার সন্দেহের অবকাশ রয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অর্ধেক কালো টাকা হলেও এর ব্যাপারে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। অথচ কালো টাকা আমাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়নে অশান্তি তৈরি করছে। আনু মুহাম্মদ অভিযোগ করে বলেন, বাজেটে জ্বালানি খাতে অগ্রাধিকারের কথা বলা হলেও গ্যাস উত্তোলন, অনুসন্ধান, গবেষণা, বাপেক্স ও পেট্রোবাংলাকে আরও সক্ষম করার ওপর কোনো পরিকল্পনা সেখানে নেই।