প্রতারিত হচ্ছেন, তবু অভিযোগে মনোযোগ নেই ভোক্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোড়কজাত পণ্যের ক্ষেত্রে ওজনে কারচুপি হচ্ছে, মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ থাকছে না, নানা অজুহাতে মোড়কের গায়ের দামের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকিতে ধরাও পড়ছে এসব। অধিদপ্তরের শীর্ষ কর্তারা বলছেন, পণ্য কিনতে গিয়ে এভাবে নিয়মিত প্রতারিত হচ্ছেন ক্রেতারা। তার পরও তাঁরা অধিদপ্তরের কাছে এ নিয়ে অভিযোগ করতে মনোযোগী হচ্ছেন না। অথচ অভিযোগ তদন্ত করার মতো পর্যাপ্ত কর্মক্ষমতা অধিদপ্তরের রয়েছে। ক্রেতা-ভোক্তারা এখনো নিজেদের অধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন নন বলেই এমনটি হচ্ছে বলে মনে করছে অধিদপ্তর। ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করার পরিপ্রেক্ষিতে সরকার ওই বছরের ১ নভেম্বর একজন অতিরিক্ত সচিবকে মহাপরিচালক নিয়োগ দেয়। আর ২০১০ সালের ৬ এপ্রিল বাজার অভিযান পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইন বাস্তবায়নের কাজ শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অধিদপ্তর সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে অধিদপ্তরে অভিযোগ এসেছে মাত্র ১৪টি। এর মধ্যে নয়টির নিষ্পত্তি হয়েছে। বাকিগুলো নিষ্পত্তির কাজ চলছে।ভোক্তাদের কাছ থেকে অভিযোগ দায়েরে আশাব্যঞ্জক সাড়া না পেলেও অধিদপ্তর নিজ দায়িত্বে বাজার তদারকি করে যাচ্ছে। পণ্যে ভেজাল দেওয়া, ওজনে কারচুপি, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা, পণ্যের মোড়কে মেয়াদ না থাকাসহ নানা অপরাধে বিক্রেতার বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিতে যাচ্ছে। জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে গত ৩১ মার্চ পর্যন্ত ১১ হাজার ৩৭০টির বেশি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে তিন হাজার ৭৬৯টি দোকান, কারখানা, ফার্মেসি ও হোটেলকে চার কোটি এক লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, ভোক্তা অধিকারবিরোধী কোনো কাজ ঘটার ৩০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ভোক্তাকে রাজধানীর ১ কারওয়ান বাজারে অধিদপ্তরের মহাপরিচালক অথবা প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ করতে হবে। এ অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস), ফ্যাক্স, ই-মেইল বা অন্য কোনো উপায়ে অভিযোগকারীর পূর্ণাঙ্গ নাম, বাবা ও মার নাম, ঠিকানা, ফোন, ই-মেইল, ফ্যাক্স (যদি থাকে) এবং পেশা উল্লেখ করে আবেদন করতে পারেন প্রতারিত ক্রেতারা। এতে ভোক্তার কোনো ধরনের ফি দেওয়ার প্রয়োজন হয় না। তবে কেনাকাটার প্রমাণ হিসেবে অভিযোগকারীর কাছে দোকানের রসিদ থাকতে হবে। ভেজাল, মেয়াদোত্তীর্ণ বা নকল পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে পণ্যের নমুনাও দিতে হবে। আইন অনুযায়ী, কোনো ভোক্তার দায়ের করা অভিযোগ যদি প্রমাণিত হয় তবে অভিযুক্ত বিক্রেতাকে যে পরিমাণ অর্থ জরিমানা করা হবে, তার ২৫ শতাংশ অভিযোগকারীকে প্রণোদনা হিসেবে দেয় অধিদপ্তর। অধিদপ্তর সূত্র জানায়, নিষ্পত্তি হওয়া নয়টি অভিযোগের মধ্যে একজন অভিযোগকারী অভিযুক্তের কাছ থেকে আদায় করা জরিমানার ২৫ শতাংশ পেয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি ওই অভিযোগটির নিষ্পত্তি হয়। অভিযুক্ত বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। সে হিসাবে অভিযোগকারীকে সাড়ে ১২ হাজার টাকা দেওয়া হয়েছে। অভিযোগকারী একজন প্রকৌশলী। প্রতারিত ভোক্তারা যেন অধিদপ্তরে অভিযোগ করেন, সে জন্য গত মার্চে দেশের ছয়টি মোবাইল অপারেটরের মাধ্যমে ভোক্তাদের কাছে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। এ ছাড়া মার্চে ছয়টি জাতীয় দৈনিকে এ ব্যাপারে বিস্তারিত বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা বলেন, ‘কোনো ভোক্তা প্রতারিত হয়ে অভিযোগ করলেই প্রতিকার পাবেন। এতে তার কোনো ব্যয় নেই। অভিযোগ প্রমাণিত হলে অধিদপ্তরই মামলা করবে। মামলার খরচ, পণ্যের মান পরীক্ষা-নিরীক্ষার ব্যয় কোনো কিছুই তার বহন করতে হবে না। ভোক্তার হয়ে সবকিছুই করবে সরকার।’