প্রতি ডলারের দর ৬৩ ভারতীয় রুপির ওপরে

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির ব্যাপক দরপতন হয়েছে। আর তাই গতকাল ভারতে প্রতি ডলারের বিনিময় হার ৬৩ রুপির ওপরে চলেছে।
দিন শেষে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডলারপ্রতি দর গিয়ে ঠেকেছে ৬৩ দশমিক ১৩ রুপিতে। গত শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৬১ দশমিক ৫৫ রুপি। ফলে গতকাল এক দিনে রুপির দরপতন হয়েছে ২ দশমিক ৪০ শতাংশ।
বিশ্লেষকেরা বলছেন, ভারতের পুঁজিবাজার থেকে ব্যাপকহারে পুঁজি বাইরে চলে যাচ্ছে বলে রুপির ক্রমাগত দরপতন ঘটছে। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও আমদানিকারকদের কাছে ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে। আরও দরপতনের আশঙ্কায় অনেকেই আগাম ডলার কিনছে বলেও জানিয়েছেন কেউ কেউ।
রুপির দরপতন ঠেকাতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গৃহীত পদক্ষেপ কোনো কাজে আসছে না বলেও মনে করছেন বিশ্লেষকেরা। অনেকেই বলছেন, মোবাইল ফোন ও ইলেকট্রনিক সামগ্রীর মতো নিত্যপ্রয়োজনীয় নয়, এমন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে অবিলম্বে নিয়ন্ত্রণ আরোপ করা না গেলে রুপির এই দরপতন রোধ করা যাবে না।
রুপির দরপতনের পাশাপাশি দেশটির ঋণ বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। সূত্র: রয়টার্স।