ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
প্রতি তিন মাস পর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিবেদন দিতে হবে
এখন থেকে তিন মাস পর পর অর্থাৎ প্রতি প্রান্তিকে ব্যাংকগুলোকে তাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নিজস্ব মূল্যায়ন প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংক এই প্রতিবেদন নিয়মিত ভিত্তিতে পর্যালোচনা এবং প্রয়োজনে সরেজমিনে যাচাই করবে।কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের ত্রৈমাসিক ভিত্তিতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ-ব্যবস্থার মূল্যায়ন-সংক্রান্ত প্রতিবেদন চেয়ে এ নির্দেশনা দিয়েছে।সাম্প্রতিক সময়ে দেশে সর্বাধিক আলোচিত হল-মার্কের ঋণ জালিয়াতির পর বলা হচ্ছে, সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ-ব্যবস্থার দুর্বলতার কারণে এ কারসাজি ঘটেছে। বাংলাদেশ ব্যাংকসহ আর্থিক খাতের বিশেষজ্ঞরাও এমনটি ধারণা করেন। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনের সঙ্গে ছয় পৃষ্ঠার একটি ছক সংযুক্ত করা হয়েছে। ওই ছক অনুযায়ী ব্যাংকগুলোকে তাদের নিজস্ব মূল্যায়ন ও তথ্য পাঠাতে হবে।ব্যাংক এই প্রতিবেদন পাঠাবে প্রধান নির্বাহীর স্বাক্ষরে। আর পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান তাতে প্রতিস্বাক্ষরও করবেন। চলতি বছরের ডিসেম্বর থেকে এই প্রতিবেদন পাঠাতে হবে ব্যাংকগুলোকে।