প্রতি পোশাকের দর মাত্র ১০ সেন্ট বেশি হতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোয় বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ বছরে ৩০০ কোটি ডলার ব্যয় করতে হতো। অর্থাৎ বছরে প্রয়োজন হতো ৬০ কোটি ডলার। এই অর্থ জোগান দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রেতাদের প্রতিটি পোশাকের জন্য মাত্র ১০ সেন্ট (প্রায় সাড়ে আট টাকা) বাড়তি দাম দিতে হতো। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) নামের একটি প্রতিষ্ঠান তাদের এক বিশ্লেষণে এই তথ্য তুলে ধরেছে। বিশ্লেষণটি বার্তা সংস্থা ব্লুমবার্গের কাছে দেওয়া হয়েছে। ডব্লিউআরসির বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় সাড়ে চার হাজার তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিবছর যে অর্থ ব্যয় হতো, তা বাংলাদেশের বার্ষিক তৈরি পোশাক রপ্তানির মাত্র ৩ শতাংশ। ২০১১-১২ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে এক হাজার ৯০০ কোটি ডলার। গত ২৪ নভেম্বর বাংলাদেশের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির পর বিশ্বজুড়ে শ্রম অধিকার সংগঠনগুলো বাংলাদেশি পোশাক ক্রেতাদের ওপর কারখানার নিরাপত্তা মান নিয়ে ব্যাপক চাপ তৈরি করে। তারা কারখানার মালিক তথা পোশাক প্রস্তুতকারকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি মূল্য প্রদানের আহ্বান জানায়। এই পরিপ্রেক্ষিতে ডব্লিউআরসি এই বিশ্লেষণ ও হিসাব প্রস্তুত করে। সংস্থাটির নির্বাহী পরিচালক স্কট নোভা বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত এবং বাংলাদেশে নির্মাণব্যয় বিবেচনা করে নিরাপত্তা মান জোরদারের হিসাবটি করা হয়েছে। এতে অগ্নিকাণ্ডের সময় বহির্গমন পথ ও নিরাপত্তা সংকেত, জরুরি আলোক সংকেত ও প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে ওয়াল-মার্টের মুখপাত্র কেভিন গার্ডনার বলেন, ‘আমরা বিশ্বাস করি, কারখানার মালিকদের অবশ্যই তাঁদের কারখানার নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে। আমরা এটাও মনে করি, নিরাপত্তা মান নিশ্চিত করার জন্য যে খরচ, তা আমাদের পণ্য ক্রয়ের জন্য প্রদেয় মূল্যেরই অংশ হবে। আমাদের গ্রাহকেরাও এটা আশা করেন।’ উল্লেখ্য, কারখানার অগ্নিনিরাপত্তা ও শ্রমিকের কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ২০১১ সালে এক বৈঠকে বড় বড় আন্তর্জাতিক ক্রেতাকে বাড়তি মূল্য দেওয়ার জন্য বলা হলে ওয়াল-মার্ট তাতে আপত্তি জানায়। প্রতিষ্ঠানটির প্রতিনিধি তা ক্রেতাদের জন্য ‘অত্যন্ত ব্যয়বহুল’ হয়ে যাবে বলে মন্তব্য করেন।এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল জানানো হয়েছে, তাজরীনের অগ্নিকাণ্ড ও প্রাণহানির পর ওয়াল-মার্ট তাদের পণ্য সংগ্রহের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে চায়। বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (এথিকাল সোসিং বা নৈতিক সংগ্রহ) রাজন কমলনাথান বলেন, ‘বর্তমান ব্যবস্থায় ওয়াল-মার্ট শুধু কোনো কারখানাকে আমাদের পণ্য সরবরাহ করা থেকে বিরত রাখতে পারে। কিন্তু কোনো সরবরাহকারী যদি আমাদের না জানিয়ে অন্যত্র কার্যাদেশ দেয়, তাহলে তা সমস্যার তৈরি করে। যেমনটা এ ক্ষেত্রে হয়েছে।’ওয়াল-মার্টের এই কর্মকর্তা জানান, ২০১১ সালে তাঁরা বিশ্বের প্রায় নয় হাজার কারখানায় সরেজমিনে খোঁজ নিয়ে নিরাপত্তা ও কর্মপরিবেশ যাচাই করেছেন। তিনি আরও বলেন, কারখানার নিরাপত্তার জন্য বাড়তি অর্থ প্রদানে ঢাকায় ওয়াল-মার্ট প্রতিনিধি আপত্তি জানিয়েছেন বলে যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। কমলনাথান আরও জানান, তাঁর দলে ১২০ জনের বেশি সদস্য রয়েছেন। সঙ্গে আরও আছেন তৃতীয় পক্ষের নিরীক্ষকেরা, যাঁরা বাংলাদেশ, ভারত ও চীনসহ বিভিন্ন দেশে কাজ করছেন, নিয়মিত বিভিন্ন কারখানা পরিদর্শনে যাচ্ছেন।