প্রতিকূলতার মধ্যেও প্রথমার্ধে শিল্পোৎপাদন গতিহীন হয়নি

হরতাল-অবরোধ ও রাজনৈতিক সহিংসতায় চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শিল্প উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। তার পরও তা গতিহীন হয়নি বা গতি হারিয়ে ফেলেনি। এর প্রতিফলন ঘটেছে মাঝারি ও বৃহৎ শিল্পোৎপাদন সূচকে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধে বড় ও মাঝারি প্রস্তুতকারী (ম্যানুফ্যাকচারিং) শিল্পের পরিমাণ সূচক (গড়) দাঁড়িয়েছে ২০৫.৪৫ পয়েন্ট, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮৮ দশমিক ২৪ পয়েন্ট। এর মধ্যে ২০১৩ সালের ডিসেম্বর শেষে এই সূচক ছিল ২১৯ দশমিক ৮৬ পয়েন্ট, যা ২০১২ সালের শেষে ছিল ২০৫ দশমিক ৩৯ পয়েন্ট।
বিবিএসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় যে আগের অর্থবছরের প্রথমার্ধের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধ শেষে বস্ত্র, রসায়ন ও রাসায়নিক পণ্য খাতে উৎপাদন হ্রাস পেয়েছে। অন্য খাতগুলোয় উৎপাদন বেড়েছে। তুলনামূলকভাবে উৎপাদনের ভালো প্রবৃদ্ধি হয়েছে তৈরি পোশাক, ওষুধ ও চিকিৎসা পণ্য এবং খাদ্যপণ্য খাতে।
বর্তমানে এই সূচকে বড় ও মাঝারি শিল্পের ২১টি খাত বা শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বা পুরোনো ভিত্তিবছরের সূচকে ছিল আটটি শ্রেণী। এই ২১টি শ্রেণী বা খাতকে গুরুত্ব অনুসারে বিন্যস্ত করা হয়েছে।
যেমন, ১৯৮৮-৮৯ ভিত্তিবছরের সূচকে ‘পাট, তুলা, তৈরি পোশাক ও চামড়া’ শ্রেণীর ভার ছিল ৩৮ দশমিক ১৬। অর্থাৎ মোট উৎপাদন ১০০ হলে এর মধ্যে ওই শ্রেণীর অংশ ৩৮ দশমিক ১৬।
তবে ২০০৫-০৬ ভিত্তিবছরের সূচকে তৈরি পোশাককে আলাদা শ্রেণী হিসেবে বিবেচনা করা হয়েছে। এর ভার ৩৪ দশমিক ৮৪। একইভাবে চামড়া ও চামড়াজাত খাতকে আরেকটি শ্রেণী হিসেবে গণ্য করে এর ভার দেওয়া হয়েছে ৪ দশমিক ৪০।
আবার প্রস্তুতকারী শিল্পের গতি-প্রকৃতি হিসাব করতে এসব খাতের বাছাইকৃত কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা ও ব্যক্তি খাতের শিল্পপ্রতিষ্ঠানের ওপর মাসওয়ারি জরিপ চালানো হয়।
অবশ্য রাজনৈতিক সহিংসতার অধিকতর নেতিবাচক প্রভাব পড়েছে ক্ষুদ্র শিল্প খাতে। বিবিএসের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে ক্ষুদ্র শিল্পের উৎপাদন আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মাত্র ২ দশমিক ১৫ শতাংশ বেড়েছে।
বিবিএসের উপাত্ত থেকে আরও দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরে এই শিল্পোৎপাদনের গড় সূচক দাঁড়িয়েছে ৬২১ দশমিক ১২ পয়েন্ট। আর ২০১১-১২ অর্থবছরে তা ছিল ৫৭০ দশমিক ৪৪ পয়েন্ট।
বিবিএসের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে ৬ দশমিক ৯৫ শতাংশ হারে প্রবৃদ্ধি হওয়ার পর ২০১০-১১ অর্থবছরে তা দ্বিগুণ বেড়ে ১৩ দশমিক ৭৫ শতাংশ এবং ২০১১-১২ অর্থবছরে ১৩ দশমিক ৪৩ শতাংশ হয়।
বিবিএসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রতিকূল পরিস্থিতিতেও শিল্পমালিক ও শ্রমিকেরা নানাভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারই প্রতিফলন ঘটেছে এই শিল্পসূচকে।
অবশ্য ৫ জানুয়ারি নির্বাচনের পর সহিংসতা-অচলাবস্থার অবসান ঘটায় এখন উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ফলে অর্থবছরের শেষার্ধে শিল্প উৎপাদন পরিস্থিতির আরও উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বড় ও মাঝারি শিল্পোৎপাদন (জুলাই-ডিসেম্বর, ২০১৩)
খাতওয়ারি ভালো প্রবৃদ্ধি
তৈরি পোশাক ১৪.৩৫%
খাদ্যপণ্য ১০.২৪%
ওষুুধ ও চিকিৎসা ১১.০৮%
খাতওয়ারি উৎপাদন হ্রাস
রাসায়নিক দ্রব্য -৯.৬%
বস্ত্র -১.২৯%
অর্থবছরের প্রথমার্ধে ক্ষুদ্র শিল্পের সার্বিক উৎপাদন প্রবৃদ্ধি ২.১৫%
সার্বিক প্রবৃদ্ধি
৯.১৪%