প্রতিকূলতায়ও চাঙা বস্ত্র খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকূলতায়ও চাঙা বস্ত্র খাত
প্রতিকূলতায়ও চাঙা বস্ত্র খাত

রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও গত বছর প্রাথমিক বস্ত্র বা প্রাইমারি টেক্সটাইল খাতে দুই হাজার ৩৯৬ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এ সময়ে সাতটি নতুন স্পিনিং ও ছয়টি উইভিং মিল স্থাপনের জন্য যন্ত্রপাতি আমদানি করেছেন উদ্যোক্তারা। এক বছরের মধ্যেই এসব মিল উৎপাদনে যাবে।
মূলত ২০১৩ সালের শেষ ছয় মাসে রাজনৈতিক অস্থিরতায় দেশের সব শিল্পই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরও বস্ত্র খাতে এই বিপুল পরিমাণ বিনিয়োগে সন্তোষ প্রকাশ করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তারা বলছে, রাজনৈতিক অসন্তোষ ও বৈরিতা থাকা সত্ত্বেও প্রাইমারি টেক্সটাইল খাতে বিনিয়োগ থেমে থাকেনি।
দুই হাজার ৩৯৬ কোটি টাকার বিনিয়োগের মধ্যে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে এক হাজার ১৬৫ ও জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত শেষ ছয় মাসে এক হাজার ২৩১ কোটি টাকার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি হয়েছে। এগুলো নতুন কারখানা স্থাপনসহ পুরোনো মিলের সম্প্রসারণের জন্য আনা হয়েছে।
যদিও ২০১২ সালের বিনিয়োগের কোনো সঠিক হিসাব সমিতির কাছে নেই। কেননা, গত বছর থেকেই হিসাবের কাজটি শুরু করেছে তারা। তবে সার্বিকভাবে বিনিয়োগের হার ২০১২ সালের চেয়ে গত বছর কিছুটা কমেছে বলে জানান বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন।
এ বিষয়ে বিটিএমএর সভাপতি বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের অভাব, রাজনৈতিক সহিংসতা ও ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে অনেকেই নতুন করে বিনিয়োগ না করে বসে ছিলেন। ফলে আগের বারের চেয়ে বিনিয়োগ অল্প কিছু কম হয়েছে।’ অন্যথায় এটি আরও বেশি হতো বলে দাবি করেন তিনি।
বর্তমানে বিটিএমএর এক হাজার ৪২০ সদস্যের মধ্যে স্পিনিং মিল ৩৯২, উইভিং মিল ৭৮৮ ও ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং মিল ২৪০। এর মধ্যে এসব মিলে মোট বিনিয়োগের পরিমাণ ৪০০ কোটি ইউরো। টাকার অঙ্কে যা কিনা ৪২ হাজার কোটি টাকা। প্রাইমারি টেক্সটাইল খাতের মিলগুলোর সুতা ও বস্ত্রসামগ্রী প্রায় ৮০ শতাংশ তৈরি পোশাক আকারে রপ্তানি হয়।
বিটিএমএর সভাপতি বলেন, ‘অবকাঠামোর উন্নতিসহ নীতিসহায়তা পেলে সুতা ও বস্ত্র উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে তুলার প্রাপ্তির বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা দেশে তুলা উৎপাদন বৃদ্ধির অযৌক্তিক দাবি করছি না। কারণ, আমাদের বার্ষিক ৪০ লাখ বেল তুলার বিপরীতে দেশের অভ্যন্তরে হয় মাত্র এক লাখ বেল। এত তুলা উৎপাদন করতে গেলে ধান চাষ বাদ দিতে হবে।’
এদিকে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের উদ্যোক্তাদের পরিচয় ঘটানো ও স্থানীয়ভাবে সংগ্রহ করতে ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনী আজ বুধবার শুরু হচ্ছে। ডিটিজি নামের এই প্রদর্শনীতে ৩১ দেশের ৮৫০টি বিশ্বখ্যাত যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বিটিএমএর সঙ্গে তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল ও হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।
দশমবারের এই আয়োজনে ১৫টি হলে এক হাজার ২০টি স্টল থাকবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বিটিএমএর কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাহাঙ্গীর আলামিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিটিএমএর সহসভাপতি আবদুল মান্নান মিয়া ও মাহবুব হোসেন, পরিচালক সেলিম আহমেদ, মোবারক হোসেন প্রমুখ।
এতে জানানো হয়, প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, জাপান, কোরিয়া, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ৩০টি দেশের প্রতিষ্ঠান অংশ নেবে। গত বছর ডিটিজিতে ১৭ কোটি ৫০ লাখ ডলারে যন্ত্রাংশ বিক্রি হয়।