বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পুনঃপ্রাথমিক গণপ্রস্তাবে (আরপিও) সংশোধনী এনেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত এ কোম্পানি আরপিওর জন্য শেয়ারের যে দাম নির্ধারণ করেছিল, সংশোধিত প্রস্তাবে তা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, বিএসসির আরপিওর জন্য ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৫০০ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতিটি শেয়ার এক হাজার টাকা চাওয়া হয়েছিল, অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে প্রিমিয়াম বা অভিহিত মূল্যের অতিরিক্ত চাওয়া হয়েছিল ৯০০ টাকা। সংশোধিত প্রস্তাবে ৪০০ টাকা প্রিমিয়াম চাওয়া হয়েছে। বিএসসির ইস্যু ব্যবস্থাপক রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কোম্পানি অব বাংলাদেশের (আইসিবি) একজন কর্মকর্তা জানান, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনার পরই শেয়ারের দাম অর্ধেক কমানো হয়েছে। জানা গেছে, বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে বিএসসিকে শেয়ারের দর কমাতে বলেছে এসইসিই। এসইসির কাছে জমা দেওয়া প্রস্তাবে বিএসসি ৬২ লাখ ৭৪ হাজার শেয়ার ছেড়ে জনসাধারণের কাছ থেকে ৬২ কোটি ৭৪ লাখ টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কিন্তু সংশোধিত প্রস্তাব অনুযায়ী কোম্পানিটি এখন তুলতে পারবে ৩১ কোটি ৩৭ লাখ টাকা।কোম্পানিটির ৮৭ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক সরকার। আর বাকি ১২ দশমিক ৫ শতাংশ শেয়ার রয়েছে জনসাধারণের হাতে।