প্রতিদিন কমছে আড়াই লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে হতদরিদ্র মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০০৮-০৯ সাল থেকে কয়েক বছর ধরে বৈশ্বিক অর্থনীতিতে সংকট ও মন্দা চলা সত্ত্বেও দারিদ্র্যের হার কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বিশেষ করে ২০১২-১৩ সালে প্রায় ১০ কোটি মানুষ অতিদারিদ্র্য সীমার ওপরে উঠেছে। সে অনুযায়ী দুনিয়াজুড়ে প্রতিদিন আড়াই লাখ আর প্রতি মিনিটে ২০০ মানুষ হতদরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসছে।
বিশ্বব্যাংকের ‘টেকিং অন ইন-ইকোয়ালটি’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে সংস্থাটি বলেছে, যে অগ্রগতি দেখা গেছে তাতে প্রমাণিত হয়, হতদরিদ্র দূরীকরণের লক্ষ্য অর্জন সম্ভব।
এ উপলক্ষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, ‘বৈশ্বিক অর্থনীতিতে নিম্নহার প্রবৃদ্ধির পরিস্থিতিতেও দেশগুলো দারিদ্র্য বিমোচনে অসাধারণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’
সংস্থাটির তথ্যমতে, বিশ্বে ২০১৩ সালে এসে দৈনিক ১ দশমিক ৯ ডলারের কম আয়ের মানুষের সংখ্যা কমে দাঁড়ায় ৭৬ কোটি ৭০ লাখ, যা ২০১২ সালে ছিল ৮৮ কোটি ১০ লাখ।
বিশ্বব্যাংকের প্রতিবেদনমতে, ২০০৮-২০১৩ সালের মধ্যে ৬০টিতে জনসংখ্যার দরিদ্রতম ৪০ শতাংশের আয় বেড়েছে। ২০০৮ সাল থেকে অনেক দেশেই বৈষম্য না বেড়ে বরং কমেছে। তবে ধনীদের আয়ও অধিক হারে বৃদ্ধি পাওয়ায় অসমতা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।