প্রতিদিনই স্বজনদের ভিড়
সড়কের পাশে সারি সারি দোকান। আছে সিএনজিচালিত অটোরিকশা আর টেম্পোর সারি। তারপর কাঁটাতারের ও উঁচু টিনের বেড়া। এসব পেরিয়ে এখন রানা প্লাজার ধ্বংসস্তূপের কাছাকাছি যাওয়া অনেকটাই অসম্ভব। তবে পাশের কোনো ভবনে উঠলেই দেখা যায়। ভেতরে ফুট খানেক পানি জমেছে। স্বচ্ছ পানি। তার মাঝেই দোমড়ানো-মোচড়ানো একটি মাইক্রোবাস আর একটি পিকআপ পড়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা ভবনের শরীরজুড়ে বিশাল বিশাল গর্ত; যেখান দিয়ে উদ্ধারকাজ চালানো হয়েছিল।ধসের চার মাস পর সাভারের রানা প্লাজার এই হচ্ছে চিত্র। সেই হাঁকডাক থেমে গেছে। উদ্ধারের বিশাল বিশাল যন্ত্রপাতি নেই। তবে আছে স্বজনদের ভিড়। প্রতিদিনই নিখোঁজ স্বামী, ভাই কিংবা মেয়ের খোঁজে দূরদূরান্ত থেকে আসেন তাঁরা। গত মঙ্গলবার দুপুরে রানা প্লাজার সেই জায়গায় গিয়ে পাওয়া গেল এমনই একজনকে। সালমা আক্তার। চার মাস ধরে স্বামী আলী আকবরকে খুঁজছেন তিনি। তাঁর হাতে আকবরের পরিচয়পত্র। রানা প্লাজার ফ্যান্টম অ্যাপারেলসে কাজ করতেন। ভবনধসের দিন থেকে তিনি নিখোঁজ। এ বিষয়ে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সালমা। সালমা জানালেন, সরকারের তালিকায় কোথাও তাঁর স্বামীর নাম নেই। সাভার ক্যান্টনমেন্টসহ বিভিন্ন দপ্তরে গিয়ে কোনো সদুত্তর পাচ্ছেন না। তবে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নমুনা দিয়েছেন। আশায় আছেন, আর কিছু না হোক, স্বামীর লাশটা অন্তত পাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২২৩ জনের নিখোঁজের একটি তালিকা করা হয়েছে। সেটি এখন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ জন্য রানা প্লাজার পাশের ভবনটিতে চেয়ার-টেবিল নিয়ে বসেছেন সাভার ক্যান্টনমেন্টের একজন কর্মকর্তা। এখানে প্রতিদিনই নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ভিড় করছেন। তালিকা দেখছেন। নাম থাকলে তার যথাযথ প্রমাণ আর যোগাযোগের ঠিকানা দিয়ে যাচ্ছেন। এ কাজের দায়িত্বে থাকা ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান জানান, ৮০-৯০ জন ছাড়া তালিকার বাকিদের ব্যাপারে যাচাই-বাছাইয়ের কাজ শেষ। তবে তালিকার বাইরেও কয়েকজন নিখোঁজ ব্যক্তির স্বজনেরা এসেছেন। এ বিষয়ে নির্দেশনা না থাকায় কিছু করা যাচ্ছে না। খুলনার দাকোপ থেকে এসেছেন আলমগীর শেখ। ভাই রফিকুল শেখের খোঁজে এসেছেন তিনি। রফিকুল ইথারটেক্স কারখানার কোয়ালিটি ব্যবস্থাপক ছিলেন। ভবনধসের দিন থেকে তিনি নিখোঁজ। লাশ পাওয়া যায়নি। গ্রামের বাড়িতে তাঁর অপেক্ষায় আছেন স্ত্রী ও দুই ছেলে। আলমগীর শেখ বলেন, ‘আমি রিকশা চালিয়ে ভাইয়ের সংসার চালাচ্ছি।’ ভাইয়ের লাশ পেতে ডিএনএ পরীক্ষার জন্য দিয়েছেন তিনি। সেদিন এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকায় ভাইয়ের নাম খুঁজে পান আলমগীর। বিজিএমইএর কর্মকর্তারা জানান, রানা প্লাজা ধসে নিহত এক হাজার ১৩২ জন পোশাকশ্রমিকের মধ্যে ৮৩৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা চলছে।