প্রতিদ্বন্দ্বীদের কাছে সহযোগিতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ মার্চ তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন তথা ভোট গ্রহণের জন্য বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের দুটি গোষ্ঠী সম্মিলিত পরিষদ ও ফোরাম নেতাদের কাছে সহযোগিতা চেয়েছেন।সমিতির নিজস্ব কার্যালয়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার বিজিএমইএর সভাপতি এ আহ্বান জানান। এ সময় তাঁর সঙ্গে বিজিএমইএর সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সিদ্দিকুর রহমান, পরিচালক নাহিদ হাসান ও মশিউল আজম উপস্থিত ছিলেন।এর আগে ২০১১-১২ সালের নির্বাচন গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিজিএমইএর নির্বাচন কমিশন ভোটার তালিকায় ২৫ থেকে ৪০ ভাগ ভুয়া ভোটার থাকার অভিযোগে প্রতিদ্বন্দ্বী দুপক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে গত ১৯ ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করে।বিজিএমইএর সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, পোশাকশিল্পের মালিকদের মধ্যে বর্তমানে যে বিভাজন, তা সৃষ্টি হয়েছে মিথ্যা ভোটারের কারণে। যাঁরা আদৌ এই শিল্পের উদ্যোক্তা নন, যাঁরা কেউ ব্যবস্থাপক, তত্ত্বাবধায়ক, বাণিজ্যিক কর্মকর্তা, কেউ বা মৃত উদ্যোক্তার জায়গায় ভোটার হয়েছেন।সালাম মুর্শেদী বলেন, ‘এদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি কখনো কি এই শিল্পের উন্নয়নের কথা ভাববে? তাহলে আগামী দিনে বিজিএমইএ কি দেশের অন্য দশটি সংস্থার চেয়ে আলাদা স্বকীয় বৈশিষ্ট্য ধরে রাখতে পারবে?’নির্বাচন পিছিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বাড়াতে বাণিজ্য সংগঠনবিষয়ক পরিচালকের কাছ ১৫ দিন সময় পাওয়া গেছে। এই অনুমোদনের পর ২০ মার্চ নির্বাচনের দিন নির্ধারণ করা হয়।বিজিএমইএর সভাপতি জানান, গত ২৪ ফেব্রুয়ারি জরুরি মতবিনিময় সভা করে ভুয়া ভোটার বানানোর প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাবেক সভাপতি ও সাংসদ টিপু মুনশিকে আহ্বায়ক করে সাবেক সভাপতি আনিসুল হক, সাবেক সহসভাপতি লুৎফর রহমান মতিন, পরিচালক হারুন অর রশীদ, সাগর গার্মেন্টসের এমডি নুরুল হককে সদস্য এবং বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) জগলুল হায়দারকে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও বিজিএমইএর সিঅ্যান্ডএম সেলের পরামর্শক লিয়াকত হোসেনের নেতৃত্বে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নির্বাচন কমিশন সাধারণ সদস্যদের কাছে নতুন করে যে কাগজপত্র চাচ্ছে, বিষয়টি বিব্রতকর হলেও শিল্পের ভাবমূতির্র স্বার্থে তা সরবরাহ করার জন্য সবাইকে অনুরোধ জানান বিজিএমইএর সভাপতি।