প্রতিবন্ধীদের কাজের সুযোগ করে দিল স্বপ্ন

সুন্দর পৃথিবীর স্বপ্ন সবাই দেখে। সেই স্বপ্ন পূরণের জন্য কয়েকজন প্রতিবন্ধীকে তাঁদের আউটলেটে কাজ করার সুযোগ করে দিয়েছে। স্বপ্ন ওদের নাম দিয়েছে ‘গিফটেড চিলড্রেন’। স্বপ্ন জানে ওরা সবাই বিশেষ কোনো না কোনো প্রতিভায় ভাস্বর। মেধার দিক থেকে পিছিয়ে নেই কেউই। এ বিশ্বাস থেকেই স্বপ্ন প্রশিক্ষণপ্রাপ্ত কিছু প্রতিবন্ধীকে স্বপ্নের আউটলেটে কাজ করার সুযোগ করে দিয়েছে।
আউটলেটে কাজ করতে আসার আগে স্বপ্ন এবং পিএফডিএ-ভকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শারীরিক প্রতিবন্ধী এসব কর্মীকে। এ উপলক্ষে স্বপ্ন এবং পিএফডিএ-ভকেশনাল ট্রেনিং সেন্টারের মধ্যে একটি সমঝোতা চুক্তি হস্তান্তর অনুষ্ঠান হয় স্বপ্নের ১০৬, গুলশান অ্যাভিনিউ (হোসনা সেন্টার) আউটলেটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) কার্যনির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এবং পিএফডিএ-ভকেশনাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি।

অনুষ্ঠানে সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন মনে করে প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের রয়েছে নিজস্ব প্রতিভা, স্বকীয়তা এবং ভালো কিছু করার ক্ষমতা। এদের স্বপ্ন ভালোবাসা ও যত্ন সহকারে গ্রহণ করেছে এবং স্বপ্ন বিশ্বাস করে তার ক্রেতারাও তাঁদের একইভাবে গ্রহণ করবে।
সাজিদা রহমান তাঁর বক্তব্যে স্বপ্নকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এঁদের কাজ করার সুযোগ দেওয়ার জন্য। তিনি বলেন, সঠিকভাবে প্রশিক্ষণ নিশ্চিত করার মাধ্যমে প্রতিবন্ধী প্রতিটি মানুষকে সাধারণ কর্মীদের মতো কর্মঠ করে তোলা সম্ভব এবং তাঁরা সাধারণ কর্মীদের মতোই পরিশ্রমী এবং ভালো ফলাফল দিতে সক্ষম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্ন এবং পিএফডিএ-ভকেশনাল ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।