প্রতিবন্ধীদের জন্য ৪,৫০০ কোটি টাকা বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ৪ হাজার ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। সচিবালয়ে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় এ দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব মিজানুর রহমান।
ফোরামের উল্লেখযোগ্য দাবিগুলো হলো অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি ভাতা খাতে ১ হাজার ৯২০ কোটি টাকা, ষাটোর্ধ্ব অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় পেনশন স্কিমের আওতায় ৮৫০ কোটি টাকা, ১২টি মন্ত্রণালয়ের অনুকূলে ২০০ কোটি টাকা থোক বরাদ্দ প্রদান। এ ছাড়া প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরের আওতায় উন্নয়ন কার্যক্রমের জন্য ১৫০ কোটি টাকা এবং প্রতিবন্ধী মানুষের জন্য স্থানীয় সরকারের আওতায় নিতে ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে সংগঠনটি।
আলোচনায় অংশ নেন সাংসদ কবি কাজী রোজী, ফোরামের সভাপতি সাইদুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা আখতার, সহসভাপতি হারুন-অর রশীদ, এক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক মহুয়া পাল, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর শারমিন খান প্রমুখ।
ফোরাম নেতারা সরকারি চাকরির ক্ষেত্রে উপযুক্ত প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিবন্ধী কোটা পূরণ হয় না বলে অভিযোগ তোলেন। তাঁরা জানান, তিন বছর আগে প্রতিবন্ধীর সংখ্যা গণনার একটি কর্মসূচি হাতে নিয়ে ৪২ কোটি টাকা বরাদ্দও রেখেছিল সরকার। কিন্তু এর কোনো ফলাফল জানা যায়নি।
প্রতিবন্ধীদের জন্য শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে না দিয়ে অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমেও বরাদ্দ দেওয়া, ভাতার পরিমাণ ও শিক্ষাবৃত্তি বাড়ানো, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনা মূল্যে বই প্রদান, চাকরির ক্ষেত্রে কোটা পূরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে জোর দেওয়ার জন্য অর্থ বরাদ্দের দাবি করেন ফোরামের নেতারা।
অর্থমন্ত্রী বলেন, ‘অসহায় মানুষদের সাহস দিতে সরকার ভাতা দিয়ে থাকে। প্রতিবারের মতো তাঁদের জন্য এবারও ভাতা কিছুটা বাড়বে। তবে প্রত্যাশা অনুযায়ী সম্ভব হবে না।’
সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দের দাবি সমর্থন করে অর্থমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, মহিলা ও শিশু, সমাজকল্যাণ, ধর্ম, স্থানীয় সরকার, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।