প্রতিবন্ধীদের জন্যবরাদ্দ মন্ত্রণালয়ভিত্তিক হোক
দেশের মোট জনগোষ্ঠীর ১০ শতাংশ প্রতিবন্ধী। বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত প্রতিবন্ধী ছেলেমেয়ে আছে ৩২ লাখ। এর মধ্যে বিদ্যালয়ে যাচ্ছে মাত্র তিন লাখ। সরকারের কাছে প্রতিবন্ধীদের মানবিক ও ন্যায্য দাবিগুলোর বেশির ভাগই উপেক্ষিত। যে কারণে প্রতিবছরই বাজেটে তাদের জন্য নামমাত্র অর্থ বরাদ্দ দেওয়া হয়। এসব কথা তুলে ধরে প্রতিবন্ধী জনগণের উন্নয়নে বাজেটে সব মন্ত্রণালয়ের আওতায় আলাদা বরাদ্দের দাবি জানিয়েছে সাংসদদের প্রতিবন্ধীবিষয়ক মোর্চা (পিসিডি) এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম। সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় যৌথভাবে সংগঠন দুটি আরও বলেছে, প্রতিবন্ধীদের জন্য জরুরি ভিত্তিতে একটি অধিদপ্তর গঠন জরুরি। অন্যদিকে, ইশারা ভাষা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গঠনও এখন সময়ের দাবি। মোর্চার আহ্বায়ক সাংসদ আবদুল মতিন খসরুর নেতৃত্বে এতে আরও ছয়জন সাংসদ এ বি এম গোলাম মোস্তফা, মীর শওকত আলী, এম আমানুল্লাহ, রওশন জাহান, বেনজির আহমেদ, আসমা জেরিন এবং জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. রজব আলী খান, মহাসচিব মিজানুর রহমান, সাবেক মহাসচিব জওয়াহেরুল ইসলাম, ইশারা ভাষা বিশেষজ্ঞ আরাফাত সুলতানা প্রমুখ আলোচনায় অংশ নেন। আলোচকেরা বলেন, সরকারের কার্যবণ্টন বিধির কারণে প্রতিবন্ধী জনগণের উন্নয়নে শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিয়ে থাকে। এর ফলে প্রতিবন্ধীরা তাদের অধিকারভিত্তিক বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে। আগামী বাজেটে প্রতিবন্ধী সহায়ক ২২টি খাতে অন্তত ১০টি মন্ত্রণালয়ের আওতায় ৭৬৮ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ১২৯ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়েই প্রতিবন্ধীদের জন্য আলাদা বরাদ্দ রাখা একটি আদর্শ ব্যবস্থা। তবে একটু অসুবিধা আছে। বরং শিক্ষা, স্বাস্থ্য, যুব ও ক্রীড়া, মহিলা ও শিশু—এসব মন্ত্রণালয়ে কিছু করা যেতে পারে। ৩২ লাখের মধ্যে মাত্র তিন লাখ বিদ্যালয়গামী—এ তথ্য তাঁকে বিস্মিত করেছে বলে জানান অর্থমন্ত্রী।অধিদপ্তর গঠনের বিষয়টি ঝুলে থাকার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলব না।’